Tokyo Olympics : ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে লাভলিনাকে, শেষ চারে শীর্ষ বাছাইয়ের কাছে হার
Tokyo Olympics : ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে লাভলিনাকে, শেষ চারে শীর্ষ বাছাইয়ের কাছে হার
মেরি কম, বিজেন্দ্র সিংয়ের মতো ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাভলিনা বড়গোহাঁইকে। টোকিও অলিম্পিকে মহিলাদের ওয়েল্টারওয়েট ক্যাটেগরির সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে যে দাপট নিয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছিল, শেষ চারে শীর্ষ বাছাই বক্সারের বিরুদ্ধে তাঁক সিঁকিভাগেও পৌঁছতে পারলেন না লাভলিনা। উল্টে ০-৫ ফলাফলের শোচনীয় ফলাফলের সম্মুখীন হতে হয় ভারতীয় বক্সারকে।

প্রথম রাউন্ড থেকেই ব্যাকফুটে
শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতিতে এগোনোর চেষ্টা করেন লাভলিনা। ভারতীয় বক্সারকে পাল্টা জবাব দেন শীর্ষ বাছাই বুসেনাজ সুরমেনেলি। প্রতিপক্ষের দুটি পাঞ্চ হজম করার পরই ব্যাকফুটে চলে যান লাভলিনা। ভারতীয় বক্সারের বিরুদ্ধে অবায়াসে পয়েন্ট অর্জন করতে থাকেন তুরস্কের বুসেনাজ। চাপে পড়ে প্রতিপক্ষের কোনও আক্রমণেরই জবাব দিতে পারছিলেন না লাভলিনা। উল্টে নিজের ডিফেন্সেও গড়বড় করে ফেলেন অসমের বক্সার।

ম্যাচে আর ফিরতে পারেননি লাভলিনা
২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জেতা বুসেনাজ সুরমেনেলি কেন মহিলাদের ওয়েল্টারওয়েট ক্যাটেগরিতে শীর্ষ বাছাই হিসেবে টোকিও গেমসে খেলতে এসেছেন, তা তিনি প্রমাণ করলেন। নিজের সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাপে পড়ে যাওয়া লাভলিনার ওপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেন তুরস্কের বক্সার। তাতে আরও ছত্রভঙ্গ হয়ে যান বড়গোহাঁই। শেষ দুই রাউন্ডে বিধ্বস্ত হয়ে পড়েন লাভলিনা। শেষে রাউন্ডে তো কার্যত হালই ছেড়ে দেন ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে যে দাপট লাভলিনা দেখিয়েছিলেন, তার সিঁকিভাগেও পৌঁছতে না পারায় কিছুটা হতাশই হয়েছেন দেশের ক্রীড়া প্রেমী মানুষ।

ব্রোঞ্জ জিতে ফিরছেন লাভলিনা
সেমিফাইনালে জিততে না পারলেও টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জিতে ফিরছেন লাভলিনা বড়গোহাঁই। মেরি কম, বিজেন্দ্র সিংয়ের পর তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে এই নজির গড়লেন তিনি। লাভলিনার বুধবারের হারে হতাশ না হয়ে বরং এই কীর্তিকেই বড় করে দেখছে দেশ। অসমের বক্সারের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক থেকে তিনটি পদক অর্জন করতে সক্ষম হল ভারত। ভারোত্তোলনে রূপো জিতেছিলেন মীরাবাঈ চানু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন শাটলার পিভি সিন্ধু। সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে যোগ হল লাভলিনা বড়গোহাঁইয়ের নাম।

প্রি-কোয়ার্টার ফাইনালে দাপুটে জয়
এর আগে মহিলা বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পেয়েছিলেন অসমের বক্সার। চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন লাভলিনা। তিন রাউন্ডেই দাপট অব্যাহত রেখে তিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন। ভারতের জন্য অন্তত একটা ব্রোঞ্জ পদক সেদিনই নিশ্চিত করেছিলেন বড়গোহাঁই।












Click it and Unblock the Notifications