Tokyo Olympics : নীরজ থেকে রবি, চানু থেকে সিন্ধু, পদক জয়ের আর্থিক পুরস্কার কার হাতে কত?
Tokyo Olympics : নীরজ থেকে রবি, চানু থেকে সিন্ধু, পদক জয়ের আর্থিক পুরস্কার কার হাতে কত?
সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিক থেকে মোট সাতটি পদক অর্জন করেছে ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে এর আগে এত সংখ্যক পদক রেকর্ড নেই ভারতের। তার ওপর ১২১ বছর পর এবারই অলিম্পিকের অ্যাথলেটিক্সে ফের পদক জিতেছে ভারত। নীরজ চোপড়ার বর্শা নিক্ষেপে ভর করে গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছে দেশ। সবমিলিয়ে সাফল্যের হাসি নিয়েই টোকিও অলিম্পিকের অভিযান শেষ করেছে ভারত। সেই সাফল্যের কারিগর হওয়া অ্যাথলিটরা কে কত টাকার পুরস্কার সহ অন্যান্য সুযোগ সুবিধা পেলেন, তা দেখে নেওয়া যাক।

নীরজ চোপড়া
২০০৮ সালের অভিনব বিন্দ্রার পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতের জন্য ফের সোনা জিতে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোটা টাকার পুরস্কার মূল্যে ঘেরাও হয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। নীরজকে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বিসিসিআইয়ের তরফেও এক কোটি টাকার পুরস্কার পাচ্ছেন চোপড়া। দেশের হয়ে ইতিহাস রচনা করা জ্যাভলিন থ্রোয়ারের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অনলাইন লার্নিং অ্যাপ বাইজু। হরিয়ানা সরকারের তরফে নীরজকে ৬ কোটি টাকার পাশাপাশি এ গ্রেডের সরকারি চাকরি ও জমি অফার করা হয়েছে। অলিম্পিকে সাফল্যের স্বীকৃতি হিসেবে নীরজকে এক কোটি টাকা দেবে চেন্নাই সুপার কিংস। গুরুগ্রাম-স্থিত এলান গ্রুপের চেয়ারম্যান রাকেশ কাপুর ২৩ বছরের অ্যাথলিটের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

বজরং ও রবি
টোকিও অলিম্পিক থেকে ভারতকে রুপো ও ব্রোঞ্জ পদক দেওয়া কুস্তিগীর যথাক্রমে রবিকুমার দাহিয়া ও বজরং পুনিয়ার গ্রামে ইন্ডোর রেস্টলিং স্টেডিয়াম তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে হরিয়ানা সরকার। ব্রোঞ্জজয়ী বজরংকে ২.৫ কোটি টাকা, সরকারি চাকরি ও কম দামে জমি দেওয়ার মনস্থ করেছে হরিয়ানা প্রশাসন। রুপোজয়ী রবি দাহিয়াকে ৪ কোটি টাকা সরকারি চাকরি ও কম দামে জমি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। টোকিও অলিম্পিকে রুপো ও ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে যথাক্রমে ৫০ ও ২৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এক কোটি টাকা দেবে বাইজু।

মহিলাদের হকি
অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হলেও টোকিও অলিম্পিকে দেশের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করা রাজ্যের মহিলা হকি খেলোয়াড়দের ৫০ লক্ষ টাকা দিচ্ছে হরিয়ানা প্রশাসন। দেশের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে অলিম্পিকে হ্যাটট্রিক করা বন্দনা কাটারিয়াকে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেবে উত্তরাখণ্ড সরকার। ওই মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য সালিমা তেতে ও নিক্কি প্রধানকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে তাঁদের রাজ্য ঝাড়খণ্ডের প্রশাসন। ভারতীয় মহিলা হকি দলের তারকা লালরেমসিয়ামিকে ২৫ লক্ষ টাকা, সরকারি চাকরি ও জমি দেওয়ার কথা ঘোষণা করেছে মিজোরাম সরকার।

ব্রোঞ্জজয়ীদের জন্য আর্থিক পুরস্কার
১) পুরুষ হকি দলকে ১.২৫ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই।
২) বজরং পুনিয়া, পিভি সিন্ধু এবং লাভলিনা বরগোহাঁইকে ২৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
৩) টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য বিবেক সাগর ও নীলকান্ত শর্মার জন্য ১ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
৪) হকি তারকা নীলকান্তের জন্য সরকারি চাকরি ও ৭৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মণিপুর সরকার।
৫) ইতিহাস রচনা করা ওই হকি দলের পাঞ্জাবের খেলোয়াড়দের ১ কোটি টাকা দেবে সে রাজ্যের সরকার।
৬) টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা হরিয়ানা হকি খেলোয়াড়দের ২.৫ কোটি টাকা দেবে সে রাজ্যের সরকার।

রুপোজয়ীদের জন্য আর্থিক পুরস্কার
১) টোকিও অলিম্পিকে রুপো জেতা কুস্তিগীর রবিকুমার দাহিয়া ও ভারোত্তোলক মীরাবাঈ চানুপ জন্য ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
২) মীরাবাঈ চানুর জন্য এক কোটি টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারের (খেলা) চাকরি দেওয়ার কথা জানিয়েছে মণিপুরের সরকার।












Click it and Unblock the Notifications