১৩ বছর বয়সেই টোকিও অলিম্পিকে সোনা জিতলেন জাপানের মোমিজি নিশিয়া, রুপো ব্রাজিলের লিয়ালের
অলিম্পিকে মহিলাদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীদের বয়স ১৩ থেকে ১৬-র মধ্যে। জাপানের মোমিজি নিশিয়া অলিম্পিক সোনা জিতলেন মাত্র ১৩ বছর বয়সে। ব্রাজিলের রায়সা লিয়াল জিতলেন রুপো, তাঁর বয়সও ১৩। জাপানের ফুনা নাকায়মা জিতলেন ব্রোঞ্জ। তাঁর বয়স ১৬। তবে সবচেয়ে কম বয়সে অলিম্পিকে সোনা জেতার রেকর্ডটি এখনও রইল মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিংবোর্ড ডাইভার মার্জোরি জেস্ট্রিংয়ের দখলেই। ১৩ বছর ২৬৮ দিনের মাথায় তিনি ১৯৩৬ সালে সোনা জিতেছিলেন। মোমিজি আর কয়েক দিন পরই পূর্ণ করবেন ১৪ বছর।

স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে পুরুষদের ইভেন্টেও সোনা ও রুপো জিতেছে জাপান ও ব্রাজিল। এদিন মহিলাদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ের হিটে নাকায়মা ছিলেন এক নম্বরে। দুই ও তিনে ছিলেন নিশিয়া ও লিয়াল। যদিও ফাইনালে নিজের জায়গা ধরে রাখতে পারেননি নাকায়মা, তিনি ব্রোঞ্জ জেতেন। ১৩ বছর বয়সের দুজনই জিতে নেন সোনা ও ব্রোঞ্জ।টোকিওতেই প্রথমবার অলিম্পিকে প্রথম আত্মপ্রকাশ করেছে টিনএজারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় স্কেটবোর্ডিং।

টোকিও অলিম্পিকে এই খেলা যুক্ত হওয়ার পর তা নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে জাপানের অনেকেই স্কেটবোর্ডিংয়ের দিকে ঝুঁকবেন, তার কারণ স্ট্রিট ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগের দুটি সোনাই জিতে নিয়েছেন জাপানের খেলোয়াড়রাই। পুরুষদের বিভাগে অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ের প্রথম ঐতিহাসিক সোনাটি গতকালই জিতেছিলেন ইউতো হোরিগোমে। তবে ওসাকার বাসিন্দা বছর ১৩-র সোনা জয় দেখে অনেক শিশুই যে তাঁদের বাবা-মায়ের কাছে স্কেট-এ নামার অনুমতি পেতে মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। পুরুষদের স্কেটবোর্ডিংয়ে ব্রাজিলের কেলভিন হোয়েফ্লার রুপো জিতেছিলেন। ব্রাজিলের ১৩ বছরের রায়সা লিয়ালই জিতলেন রুপো। স্কেটবোর্ডিংয়ে নারীশক্তির জয়গান রচনা করে তাঁরা উৎসাহিত করলেন আরও অনেক প্রতিভাকেই। এদিন হিটে অংশ নেন নেদারল্যান্ডস, চিন, ফিলিপিন্স, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া, কানাডার মোট ২০ জন প্রতিযোগী। ফাইনালে জাপান ও ব্রাজিলের পাশাপাশি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, চিন ফিলিপিন্সের স্কেটাররা। মার্কিন স্কেটার মারিয়া দুরানের কথায়, এই অংশগ্রহণ যেন অনেকটা পথ পেরিয়ে আলোর দিশা পাওয়া। অনেককেই প্রাথমিক পর্যায়ে স্কেট করার জন্য নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। পুরুষদের সঙ্গে একমাত্র মহিলা হিসেবে অনুশীলন করেছেন এমনও নজির রয়েছে। তবে এদিনের পর হয়তো আরও বেশি মেয়েরা এই খেলার প্রতি আকৃষ্ট হবেন এবং ভবিষ্যতে লড়াই আরও কঠিন ও উপভোগ্য হবে।












Click it and Unblock the Notifications