টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের থেকে রেকর্ড পদকের আশা রিজিজুর, ৫০ দিন আগে সিনেমা
ভারতীয় অ্যাথলিটদের থেকে রেকর্ড পদক চান মন্ত্রী রিজিজু
করোনা ভাইরাসের আবহে টোকিওতে আদৌ অলিম্পিক আয়োজন করা সম্ভব কিনা, তা তো সময় বলবে। তা নিয়ে বৃথা চিন্তা না করে এবারের গেমস থেকে রেকর্ড পদক আনার জন্য দেশের অ্যাথলিটদের উৎসাহিত করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। টোকিও অলিম্পিক্সের ৫০ দিন বাকি থাকা নিয়ে বৃহস্পতিবার একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা রিলিজ করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

টোকিও অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙার সুযোগ
টোকিও অলিম্পিক্সে ভারতের থেকে ১৭টি ইভেন্টে ১০০-রও বেশি অ্যাথলিট অংশ নিতে চলেছেন। অ্যাথলিট সংখ্যার নিরিখে রিও অলিম্পিক্সের পরেই স্থান পাবে টোকিও। তার প্রেক্ষিতে এবার দেশে পদকও বেশি আসা উচিত বলে মনে করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। এবার পদক জয়ের নিরিখে ভারত ইতিহাস রচনা করতে পারে বলে মনে করেন রিজিজু।

ক্রীড়া মন্ত্রকের সিনেমা
আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক্স। তার ৫০ দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার দেশের অ্যাথলিটদের নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা রিলিজ করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। 'অলিম্পিক্স কি আশা' শীর্ষক ওই সিনেমায় দেশের অ্যাথলিটদের পরিশ্রম, ইচ্ছাশক্তির বিষয়টি তুলে ধরা হবে। যেখানে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু থেকে কুস্তিগীর বজরং পুনিয়া সহ অন্যান্যদের লড়াই দেখানো হবে বলে জানানো হয়েছে।

পদক জিততে পারেন সিন্ধু
রিও অলিম্পিক্সে এক চুলের জন্য সোনার পদক হাতছাড়া করেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে স্পেনের ক্যারোলিনা ম্যারিনের কাছে হেরে গিয়েছিলেন হায়দরাবাদি শাটলার। এবারও ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকার পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে জানিয়েছেন সিন্ধুর এক সময়ের কোচ পুলেল্লা গোপীচাঁদের। একই সঙ্গে এবারের গেমস থেকে ভারতের চিরাগ শেঠি ও স্বস্তিক সাইরাজরাঙ্কিরেড্ডির জুটি পদক আনতে পারেন বলে মনে করেন গোপীচাঁদ।

করোনায় নীরজের ফ্রান্সে যাওয়ায় বাধা
টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে পদক এনে দেওয়ার আশা জাগানো নীরজ চোপড়ার ফ্রান্সে অনুশীলনের প্রক্রিয়া করোনা ভাইরাসের জেরে বাধা পেতে চলেছে। ভারতে কোভিড ১৯-এর প্রভাব বেড়ে যাওয়ায় এদেশের যাত্রীদের ওপর যাতায়াতে কঠিন নিয়ম আরোপ করেছে ফরাসি সরকার। তার জাঁতাকলে কমনওয়েলথ গেমস ও এশিয়াডে সোনাজয়ী দেশের জ্যাভলিন থ্রোয়ারের ফ্রান্স সফর ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications