টোকিও অলিম্পিকে কুস্তি অভিযান শুরুর আগে জানুন ভারতের রেকর্ড, সোনমের লড়াই কঠিন
তিরন্দাজি, শুটিং থেকে পুরুষদের বক্সিং। একের পর এক ক্রীড়াক্ষেত্রে পদকের আশা থাকলেও টোকিও অলিম্পিক থেকে এই বিভাগগুলি থেকেই ফিরতে হয়েছে খালি হাতে। ভারতের পদক জেতার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি কুস্তিতে। ভারতের সেই কুস্তি অভিযানই কাল শুরু হচ্ছে সোনম মালিককে দিয়ে।

অলিম্পিক কুস্তিতে ভারত
এখনও পর্যন্ত অলিম্পিকে ভারত কুস্তিতে জিতেছে মোট পাঁচটি পদক। ১টি রুপো ও চারটি ব্রোঞ্জ। ১৯৫২ সালের ২৩ জুলাই হেলসিঙ্কি অলিম্পিকে পুরুষদের ফ্রিস্টাইল ব্যান্টামওয়েটে ভারতকে কুস্তিতে প্রথম পদক এনে দিয়েছিলেন খারশাবা দাদাসাহেব যাদব। কে ডি যাদব জিতেছিলেন ব্রোঞ্জ। অলিম্পিকে ভারতের সফলতম কুস্তিগীর সুশীল কুমার, তাঁর দখলে দুটি অলিম্পিক পদক। ২০০৮ সালের ২১ অগাস্ট বেজিং অলিম্পিকে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতা সুশীল কুমার এই বিভাগেই ২০১২ সালের ১২ অগাস্ট লন্ডন অলিম্পিকে জিতেছিলেন রুপো। সুশীলের রুপো জয়ের আগের দিন পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর দত্ত। ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারত কুস্তিতে মাত্র একটি পদকই জিতেছিল। ১৭ অগাস্ট ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক।

টোকিওয় ৭ ভারতীয়
টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করবেন সাত কুস্তিগীর। তাঁর মধ্যে অন্তত চারজন পদক জিততে পারবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা হলেন বজরং পুনিয়া, ভিনেশ ভোগাট, রবি দাহিয়া ও অংশু মালিক। ভারতীয় কুস্তি দলের বাকি সদস্যরা হলেন দীপক পুনিয়া, সীমা বিসলা ও সোনম মালিক।

ডার্ক হর্স অংশু
রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিকের কথায়, এবার টোকিওয় আমাদের দেশ থেকে কুস্তিগীরদের যে দল দিয়েছে সেটা অন্যতম শক্তিশালী। আমি নিশ্চিত বজরং, রবি, ভিনেশ ও অংশু পদক নিয়েই ফিরবেন। এবারই অলিম্পিক কুস্তিতে ভারত সবচেয়ে বেশি পদক জিতবে। অংশুর কাছে পরাস্ত হয়েই সাক্ষী এবার টোকিওর টিকিট পাননি। তিনি বলেন, আমি অংশুর বিরুদ্ধে চারবার খেলেছি। শক্তির নিরিখে তিনি অনেক এগিয়ে, দুর্বলতা বিশেষ নেই। তাঁর হারানোরও কিছু নেই। এটা তাঁর প্রথম অলিম্পিক। নির্ভয়ে খেলতে হবে। অংশু যদি তাঁর সেরাটা দিতে পারেন তাহলে নিশ্চিতভাবেই পদক নিয়ে ফিরবেন।

কাল অভিযানে সোনম
কাল মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইলের রাউন্ড অব সিক্সটিনে মঙ্গোলিয়ার বোলোরতুয়া খুরেলখুর বিরুদ্ধে অভিযান শুরু করবেন সোনম মালিক। সোনমের এটিই প্রথম অলিম্পিক। দুবারের বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়ন সোনম সাক্ষী মালিককে জাতীয় ট্রায়ালে দুবার হারিয়েছেন। তাঁর মঙ্গলবারের প্রতিপক্ষ চলতি বছর কাজাখস্তানের আলমাটিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। ফলে প্রথম বাউটে সোনমকে ভালো চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। এই চ্যালেঞ্জ সামাল দিয়ে তিনি শেষ আটে পৌঁছালে সেখানে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকতে পারে। কেন না, অঘটন না ঘটলে সেখানে সোনমকে পড়তে হবে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন তথা দু-বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন বুলগেরিয়ার তাইবে ইউসেইন মুস্তাফার বিরুদ্ধে। ১৯ বছরের সোনম এশিয়ান অলিম্পিক রেসলিং কোয়ালিফায়ার থেকে গত এপ্রিলে টোকিওর টিকিট কনফার্ম করেন। কিন্তু সেই ইভেন্টেই চোট পাওয়ায় বেশ কিছুদিন অনুশীলন থেকে দূরে থাকতে হয়েছিল।
One with the legend @MangteC .
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) August 2, 2021
You are a true inspiration! #Tokyo2020 #TeamIndia🇮🇳 pic.twitter.com/WVNDJasNz2












Click it and Unblock the Notifications