কেমন ছিল গতবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের সফর, দেখে নিন এক নজরে
কেমন ছিল গতবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের সফর, দেখে নিন এক নজরে
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৭তম সংস্করণ আয়োজিত হতে চলেছে টোকিও-এ। ২২ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত চলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের জন্য ভারত তাকিয়ে থাকবে সাইনা নেহওয়াল, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তের দিকে। তবে, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসন্ন সংস্করণ শুরুর আগে দেখে নেওয়া যাক কেমন ছিল গত সংস্করণে ভারতের পারফরম্যান্স।

ফিরে দেখা ২০২১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ:
২০২১ সাল আয়োজিত সংস্করণটি ছিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ২৬তম সংস্করণ। স্পেনের হুইলভায় আয়োজিত হয়েছিল গত বারের সংস্করণ। ৪৯টি দেশ থেকে ৩২২ জন প্রতিযোগী গত বছর এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। ২০২১-এ পদক তালিকার শীর্ষে শেষ করেছিল জাপান। মোট পাঁচটি পদক জিতেছিল জাপান যার মধ্যে ছিল দু'টি সোনা, একটি রূপো এবং দু'টি ব্রোঞ্জ। দ্বিতীয় পজিশনে ছিল চিন। চারটি পদক পেয়েছিল চিন যার মধ্যে ছিল একটি সোনা। একটি করে সোনা নিয়ে তৃতীয় স্থানে যৌথ ভাবে শেষ করে ছিল সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। মহিলাদের সিঙ্গলসে জাপানের হয়ে সোনা জেতেন আকানে ইয়ামাগুচি, পুরুষদের ডবলসে সোনা জেতেন তাকুরো হকি, ইউগো কোবায়াশি।

২০২১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স:
প্রতিযোগীতার ২৬তম সংস্করণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পঞ্চম স্থানে শেষ করেছিল ভারত। উভয় দেশই একটি রূপো এবং একটি ব্রোঞ্জ, মোট দু'টি পদক পেয়েছিল। কিদাম্বি শ্রীকান্ত রূপো পেয়েছিলেন ভারতের হয়ে এবং তরুণ সাটলার লক্ষ্য সেন ব্রোঞ্জ জিতেছিলেন।

আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ভরসা:
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৭তম সংস্করণে পদকের জন্য ভারতের ভরসা হতে চলেছেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, সাইনা নেহওয়াল। এ ছাড়াও নজর থাকবে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটির উপর। সাইনা ছাড়া প্রত্যেকেই কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন এবং দেশের মান বাড়িয়েছেন। চোটের কারণে সাইনা নেহওয়াল ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। অতীতে কমনওয়েলথ গেমসে দুই বার মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা।
এ বারের প্রতিযোগীতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পিভি সিন্ধু। বাঁ-পায়ে চোটের কারণে নাম তুলে নিয়েছেন সিন্ধু। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন সিন্ধু।

জাপানে বসতে চলছে বিশ্ব ব্যাডমিন্ট চ্যাম্পিয়নশিপের আসর:
প্রতিযোগীতার ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে জাপানে। টোকিও-এ ২২ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগীতা। পাঁচটি আলাদা আলাদা ইভেন্টে ৪৬ দেশের মোট ৩৬৪ জন সাটলার অংশ নেবেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে।












Click it and Unblock the Notifications