টোকিও অলিম্পিকে লক্ষ্মীবারে শুটিং অভিযানে নামছেন ভারতের মানু-রাহি
টোকিও অলিম্পিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ ভারতীয় শুটাররা। কোচ, সাপোর্ট স্টাফদের সরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে। মানু ভাকেরের বন্দুক বিভ্রাট থেকে শুরু করে শেষ মুহূর্তে কোচ বদল-সহ নানা অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে কাল ফের টোকিও অলিম্পিকের ষষ্ঠ দিনে নামবেন ভারতের দুই শুটার মানু ভাকের ও রাহি সার্নোবত।

২৫ মিটার পিস্তলে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জনের পর্ব চলবে দুই দিন ধরে। কাল ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় প্রিসিশন রাউন্ড। সেখানেই ৪৪ জন শুটারের মধ্যে রয়েছেন ভারতের মানু ভাকের ও রাহি সার্নোবত। রাহি কালই প্রথম টোকিও অলিম্পিকের শুটিং রেঞ্জে কোনও ইভেন্টে নামবেন। মানু ভাকের অবশ্য আগের ইভেন্টগুলিতে হতাশই করেছেন। চিনের এক শুটারকে বাদ দিলে অলিম্পিকের দ্বিতীয় দিন এয়ার পিস্তল ফাইনালে ওঠা সব শুটারই কালকের ইভেন্টেও থাকবেন। ফলে মানু, রাহিদের সামলাতে হবে কঠিন চ্যালেঞ্জ।

ক্রোয়েশিয়ার ওসিজেকে আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতে অলিম্পিকের আসরে এসেছেন রাহি। শুক্রবার দ্বিতীয় র্যাপিড ফায়ার রাউন্ডের পরই ঠিক হয়ে যাবে কোন আটজন ফাইনালে যাবেন। আগের ইভেন্টগুলিতে যা স্কোর করেছেন তা অন্য টুর্নামেন্ট তো বটেই, অনুশীলনেও নিয়মিত তাঁর চেয়ে ভালো স্কোর করেন মানু। ফলে কেন তিনি অলিম্পিকে পারছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। হাই পারফরম্যান্স কোচের তত্ত্বাবধানে মানসিক দৃঢ়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এমনটা হয়তো হতো না বলে মনে করছেন জয়দীপ কর্মকারের মতো অলিম্পিয়ানরা। এই আবহে মানুও প্রত্যয়ী আসন্ন ইভেন্টটিতে নিজের সেরাটা দেওয়ার জন্য।

এর আগের এয়ার পিস্তল ইভেন্টে মানুর সঙ্গে যশস্বিনী দেসওয়াল ছিলেন। কাল থাকবেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন রাহি। ফলে তাঁদের দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। এরই মধ্যে মানুর বন্দুক বিভ্রাটের জন্য বন্দুক প্রস্তুতকারক সংস্থাকে দায়ী করেছেন পিস্তল কোচ রোণক পণ্ডিত। যদিও ওই সংস্থার দাবি, তাদের ক্যাম্পে বন্দুকটি আনা হলে মানুকে সমস্যায় পড়তে হতো না। যদিও রোণকের দাবি, ওই ক্যাম্প শুটিং রেঞ্জ থেকে অনেক দূরে ছিল। আর দ্বিতীয় পিস্তলটি মানু ব্যবহার করতে পারেননি গ্রিপের সমস্যা থাকার কারণে। সবমিলিয়ে ভারতীয় শুটিং শিবিরকে ঘিরে অভিযোগ আর ব্যর্থতার ময়নাতদন্তের হাওয়ার মধ্যেই শুটাররা চাইছেন লক্ষ্যভেদের মাধ্যমে প্রথম পদকটি নিশ্চিত করতে। মানুরা পারবেন কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই।












Click it and Unblock the Notifications