অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই সিন্ধু গর্জন
অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই শুরু করলেন পিভি সিন্ধু। টুর্নামেন্টের পঞ্চম বাছাই পৌঁছে গেলেন শেষ ষোলোয়।

আজ মহিলাদের সিঙ্গলসে পঞ্চম বাছাই সিন্ধুর সামনে ছিলেন মালয়েশিয়ার অবাছাই সোনিয়া চিয়াহ। তাঁকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতের তারকা শাটলার। জিতলেন ২১-১১, ২১-১৭ ব্যবধানে।
এদিন করোনা পরীক্ষার ফলাফল নিয়ে জটিলতা কাটিয়ে পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হয় অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে এদিন প্রথম জয় আসে ভারতের। অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডির জুটি ৩০ মিনিটের লড়াইয়ে সহজেই হারাল তাইল্যান্ডের প্রতিপক্ষ বেনিয়াপা ও নান্তাকার্ন এইমসার্ড জুটিকে। ২১-১৪, ২১-১২ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন পোনাপ্পারা। পুরুষদের ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের ষষ্ঠ বাছাই সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। প্রথম রাউন্ডে তাঁরা ২১-৭, ২১-১০-এ হারালেন অনিরুদ্ধ মায়েকার-নিখর গর্গের ইন্দো-ব্রিটিশ জুটিকে।
যদিও পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন টুর্নামেন্টের অষ্টম বাছাই ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং সাইনা নেহওয়ালের স্বামী পারুপল্লী কাশ্যপ। আয়ারল্যান্ডের অবাছাই নাহ্ঠ নিগুয়েনের কাছে শ্রীকান্ত হারলেন ১১-২১, ২১-১৫, ১২-২১ ফলে। শীর্ষ বাছাই জাপানের কেন্তো মোমোতা স্ট্রেট গেমে জিতে ছিটকে দিলেন কাশ্যপকে। ৪২ মিনিটের লড়াইয়ে মোমোতা জিতলেন ২১-১৩, ২২-২০ ব্যবধানে।












Click it and Unblock the Notifications