PV Sindhu: পিভি সিন্ধুর বাগদান সম্পন্ন, শুরু হয়ে গেল বিয়ের কাউন্টডাউন
PV Sindhu: পিভি সিন্ধু ২২ ডিসেম্বর উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে। তাঁর সঙ্গে ইতিমধ্যেই বাগদান সারা হয়ে গেল।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিন্ধু। একে অপরকে আংটি পরিয়ে দিলেন। তাতে জোরালো হলো বিয়ের দিনের কাউন্টডাউন।

পিভি সিন্ধু ও বেঙ্কট দত্ত সাইয়ের বাগদানের সময় পিছনে বোর্ডে লেখা ছিল মিস থেকে মিসেস! সেই সঙ্গে খলিল জিবরানের লেখা লাইন ক্যাপশনে রেখেছেন সিন্ধু। লিখেছেন, "When love beckons to you, follow him, for love gives naught but itself."
যার অর্থ দাঁড়ায়, ভালোবাসা কাছে এলে তাকে অনুসরণ করো। কেন না, ভালোবাসা নিজেকে ছাড়া আর কিছুই দেয় না। জানা গিয়েছে, ঘরোয়াভাবেই হয়েছে বাগদানের অনুষ্ঠান। হায়দরাবাদের বাসিন্দা বেঙ্কট পসিডেক্স টেকনোলজিসের এগজিকিউটিভ ডিরেক্টর। আগে তিনি যুক্ত ছিলেন আইপিএল দলের সঙ্গেও।
পিভি সিন্ধুর ঝুলিতে রয়েছে দুটি অলিম্পিক্স পদক। রিও ও টোকিওয় সাফল্য পেলেও সিন্ধু হতাশ করেছেন প্যারিস অলিম্পিক্সে। দীর্ঘদিনের ট্রফির খরা সিন্ধু গত মাসেই মিটিয়েছেন লখনউয়ে সৈয়দ মোদী ইন্টারন্যাশনালে। তারপরই তাঁর বিয়ের খবর জানা যায়।
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ের নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই সিন্ধু বিয়ের জন্য নানা পোশাক পরে তারও ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সিন্ধুর বাবা পিভি রমনা বলেন, দুই পরিবারের মধ্যে অনেকদিন ধরেই জানাশোনা রয়েছে। তবে বিয়ের কথা পাকা হয়েছে গত মাসেই।
জানুয়ারি থেকেই সিন্ধুর টানা খেলা রয়েছে। সে কারণেই চলতি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানটি হবে ২২ ডিসেম্বর। রিসেপশন হায়দরাবাদে ডিসেম্বরের ২৪ তারিখ। তারপরই আগামী মরশুমের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবেন সিন্ধু।
ইতিমধ্যেই সিন্ধুর ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক। তার মধ্যে ২০১৯ সালে সোনাও জিতেছিলেন। অলিম্পিক্সে জেতেন রুপো ও ব্রোঞ্জ। বিয়ে হলেও আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের সিন্ধু তৈরির লক্ষ্যে আকাদেমির কাজও শুরু করে দিয়েছেন দেশের ১ নম্বর মহিলা শাটলার।












Click it and Unblock the Notifications