পিভি সিন্ধু পৌঁছে গেলেন মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে, সিঙ্গাপুরের প্রতিপক্ষকে হারালেন সেমিতে
সিন্ধু গর্জন মাদ্রিদ স্পেন মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে। চলতি বছরে এই প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠলেন সিন্ধু। আজ মাদ্রিদে সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সিন্ধু হারিয়ে দিলেন সিঙ্গাপুরের ইও জিয়া মিনকে। খেলার ফল ২৪-২২, ২৪-২০। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিন্ধু জয় পেলেন ৪৮ মিনিটের লড়াইয়ে।

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সিঙ্গাপুরের শাটলার সিন্ধুকে সহজে জয় পেতে দেননি। এর আগে মিনকে চারটি সাক্ষাতে চারবারই হারিয়েছিলেন সিন্ধু। এদিনও ফের পরাস্ত করলেন। একটা সময় প্রথম গেমে ১৫-২০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। সেখান থেকে দারুণভাবে কামব্যাক করেন। সাতটি গেম পয়েন্ট বাঁচিয়ে শেষ অবধি অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শাটলার প্রথম গেম জেতেন ২৪-২২ ব্যবধানে।
বডি স্ম্যাশের দারুণ ব্যবহার করেন সিন্ধু। একটি গেম পয়েন্ট পেয়ে সেটিই জিতে নেন। দ্বিতীয় গেমের শুরুতেও সিন্ধু পিছিয়ে পড়েন। ১-৪-এ পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যান ১১-৬-এ। বিশ্বের ৩৩ নম্বর মিন এরপর পাল্টা প্রত্যাঘাত করেন, স্কোর নিয়ে যান ১৭-১৭-তে। সিন্ধু এরপর দুটি ম্যাচ পয়েন্ট পেলেও তার ফায়দা তুলতে পারেননি। অবশেষে মিনের শট বাইরে গেলে তৃতীয় ম্যাচ পয়েন্ট পেয়ে যান সিন্ধু। এবার আর ভুল করেননি।
গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সিন্ধু। তারপর এই প্রথম কোনও ফাইনাল খেলবেন। সেখানে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ক্যারোলিনা মারিন বা জর্জিয়া তুনজুং। চোট সারিয়ে কোর্টে ফেরার পর থেকে সময় ভালো যাচ্ছিল না সিন্ধুর। ২০১৬-র নভেম্বরের পর সম্প্রতি তিনি বিশ্বের প্রথম ১০ শাটলারের তালিকার বাইরেও চলে যান। অল ইংল্যান্ড চ্য়াম্পিয়নশিপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন খেতাব ধরে রাখতে পারেননি। ইন্ডিয়ান ও মালয়েশিয়ান ওপেনেরও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন সিন্ধু।












Click it and Unblock the Notifications