ফরাসি ওপেন থেকে বিদায় পিভি সিন্ধুর, হারলেন জাপানের তাকাহাশির কাছে
ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন অলিম্পিকের জোড়া পদকজয়ী তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু। প্যারিসে আজ এই টুর্নামেন্টের সেমিফাইনালে র্যাঙ্কিংয়ে তাঁর চেয়ে নীচে থাকা জাপানের সায়াকা তাকাহাশির কাছে ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে হারলেন প্রথম সেট জেতার পরও। কোয়ার্টার ফাইনালে যে দাপট নিয়ে জিতেছিলেন এদিন সিন্ধুর খেলায় সেই অ্যাগ্রেসন ছিল না বললেই চলে।

সিন্ধুর পরাজয়ের সঙ্গে সঙ্গেই ফরাসি ওপেনে ভারতীয়দের অভিযান শেষ হয়ে গেল। কেন না, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন লক্ষ্য সেন। প্রথম থেকেই সিন্ধুকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন তাকাহাশি। তাঁর বিশ্ব র্যাঙ্কিং ১৫, ওয়ার্ল্ড ট্যুর র্যাঙ্ক ৪৩। সিন্ধু বিশ্ব র্যাঙ্কিংয়ে রয়েছেন সপ্তম স্থানে, তাঁর ওয়ার্ল্ড ট্যুর র্যাঙ্ক ৩। কিন্তু সেই র্যাঙ্কিংয়ের কোনও প্রভাব এদিনের সেমিফাইনালে লক্ষ্য করা যায়নি। এমনকী প্রথম সেটের মাঝামাঝি অবধি তাকাহাশি এগিয়ে ছিলেন ১১-১০ ব্যবধানে। এরপরও সমানে সমানে টক্কর চলতে থাকে। ১৬-১৬ হওয়ার পর লিড নিয়ে তৃতীয় বাছাই সিন্ধু প্রথম সেট জিতে নেন ২১-১৮ ব্যবধানে।

দ্বিতীয় সেট অবশ্য দাপট নিয়েই শুরু করেছিলেন সিন্ধু। মাঝের বিরতি অবধি তিনি দুই পয়েন্টে এগিয়েও ছিলেন। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবাছাই তাকাহাশি এগিয়ে যান ১৮-১৪ ব্যবধানে। দারুণ ক্রসকোর্ট শট মেরে দ্বিতীয় সেট তাকাহাশি জিতে নেন ২১-১৬-এ। তৃতীয় তথা নির্ণায়ক সেটে তাকাহাশির অ্যাগ্রেসনের কার্যত কোনও জবাবই ছিল না সিন্ধুর কাছে।

নির্ণায়ক সেটে প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন জাপানের তাকাহাশি। শেষ অবধি তিনি তৃতীয় সেট জিতে নেন ২১-১২ ব্যবধানে। ফলেই স্পষ্ট নির্ণায়ক সেটে কতটা দাপট নিয়ে খেলেছেন জাপানের এই শাটলার। সিন্ধুর অভিজ্ঞতা, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনও কিছুই তাকাহাশির ফাইনালে ওঠা আটকাতে পারেননি। এর আগে তাকাহাশির বিরুদ্ধে সিন্ধু সাতটি গেম খেলেছিলেন। এগিয়ে ছিলেন ৪-৩ ব্যবধানে। আজ তাঁদের পারস্পরিক দ্বৈরথের ফল হল ৪-৪। তাছাড়া ফরাসি ওপেন ব্যাডমিন্টনে সিন্ধু খেলতে নেমেছিলেন তৃতীয় বাছাই হিসেবে। কোয়ার্টার ফাইনালে তিনি অষ্টম বাছাই তাইল্যান্ডের বুসানন অংবামরুংফানের বিরুদ্ধে ২১-১৪, ২১-১৪ ব্যবধানে গতকালই জয় ছিনিয়ে নিয়েছিলেন মাত্র ৩৮ মিনিটের মধ্যে। স্বাভাবিকভাবে অবাছাই তাকাহাশির কাছে হেরে অভিযান শেষ হওয়া নিশ্চিতভাবেই হতাশ করবে সিন্ধুকে। চোটের কারণে সাইনার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই সরে যাওয়া এবং লক্ষ্য সেনের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর সিন্ধুর উপরই ভারতীয়দের প্রত্যাশা ছিল।












Click it and Unblock the Notifications