HS Prannoy: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত প্রণয়ের, সেমিতে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে
HS Prannoy: ব্যাডমিন্টনে ভারত কি পেতে চলেছে নয়া বিশ্বচ্যাম্পিয়ন? প্রত্যাশার পারদ চড়তে শুরু করল দেশের ১ নম্বর সিঙ্গলস শাটলার এইচএস প্রণয় ইতিমধ্যেই পদক নিশ্চিত করে ফেলায়। বিশ্ব ব্য়াডমিন্টনে ৩১ বছরের প্রণয়ের এটিই প্রথম পদক।
তবে তার চেয়েও বড় কথা, কোয়ার্টার ফাইনালে প্রণয়ের কাছে পরাস্ত হলেন বিশ্বচ্যাম্পিয়নের খেতাবটি দখলে রাখার লক্ষ্যে নামা ভিক্টর আক্সেলসেন।

আক্সেলসেন যে শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তাই নয়, অলিম্পিকেও সোনা জিতেছিলেন। তাঁর বিরুদ্ধে প্রণয়ের জয় নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের। দু-বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারানো প্রণয়ের কেরিয়ারের সেরা জয়ও বটে। সেমিফাইনালের আগে যা তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষেও যথেষ্ট। কোপেনহেগেনে আজকের কোয়ার্টার ফাইনাল সাক্ষী থাকল প্রণয়ের দুরন্ত পারফরম্যান্সের।
ডেনমার্কের তারকা আক্সেলসেনের কাছে প্রথম গেমটি হেরে গিয়েছিলেন প্রণয়। তারপরই দুরন্ত কামব্যাক। পরের দুটি গেম জিতে পদক নিশ্চিত করেন প্রণয়। ১ ঘণ্টা ৮ মিনিট ধরে চলা কোয়ার্টার ফাইনালের ফলাফল প্রণয়ের পক্ষে দাঁড়ায় ১৩-২১, ২১-১৫, ২১-১৬। লক্ষ্য সেনকে হারানো বিশ্বের তিন নম্বর তাই শাটলার কুনলাভুট ভিটিদসার্নের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন প্রণয়।

প্রকাশ পাড়ুকোন, সাই প্রণীত, কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনের পর পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করলেন প্রণয়। ২০১১ থেকে আজ অবধি প্রতিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পদক জিতেছে ভারত। ডাবলস কোয়ার্টার ফাইনালে এদিন হেরে যান সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির জুটি। বিশ্বের ২ নম্বর জুটির কাছে ভারত পদক প্রত্যাশা করছিল।
তবে প্রণয়ের জন্যই কোপেনহেগেন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ জেতার পর কোচ পুল্লেলা গোপীচাঁদকে স্যালুট করেন প্রণয়।












Click it and Unblock the Notifications