PKL Season 11: প্রো কবাডিতে তামিল থালাইভাস হারাল গুজরাত জায়ান্টসকে, হরিয়ানার কাছে পরাস্ত ইউপি
PKL Season 11: প্রো কবাডি লিগে আজ জয় পেল তামিল থালাইভাস ও হরিয়ানা স্টিলার্স। হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে চলছে প্রো কবাডির একাদশ সংস্করণের দ্বৈরথ।
তামিল থালাইভাস চূর্ণ করল গুজরাত জায়ান্টসকে। হরিয়ানা স্টিলার্স এদিন জয়ের হ্যাটট্রিক পূরণ করল ইউপি যোদ্ধাসকে হারিয়ে।

আজকের প্রথম দ্বৈরথে তামিল থালাইভাস ৪৪-২৫ ব্যবধানে উড়িয়ে দিল গুজরাতের দলটিকে। থালাইভাসের রেইডার নরেন্দর কান্ডোলা একাই ১৫ পয়েন্ট নিশ্চিত করেন। অধিনায়ক তথা ডিফেন্ডার সাহিল গুলিয়া ও রেইডার সচিন ৫ পয়েন্ট করে এবং ডিফেন্ডার নীতেশ কুমার ও আমির হোসেন ৪ পয়েন্ট করে আদায় করেন।
গুজরাতের হয়ে সর্বাধিক ৭ পয়েন্ট রান রেইডার গুমন সিং। রেইডার রাকেশ, ডিফেন্ডার রোহিত ও রেইডার প্রতীক দাহিয়া তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন। তামিল থালাইভাস এদিন জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল। ৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গুজরাত রইল দশে।
এদিনের অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্স দুই পয়েন্টের ব্যবধানে পরাস্ত করল ইউপি যোদ্ধাসকে। খেলার ফল ৩০-২৮। হরিয়ানার রেইডার বিনয় ৮, ডিফেন্ডার সঞ্জয় ৬ পয়েন্ট সুনিশ্চিত করেন। ইউপির হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার গগন গৌড়া।
ইউপি যোদ্ধাস হারলেও ৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হরিয়ানা স্টিলার্স দখল করল চতুর্থ স্থান। কাল পাটনা পাইরেটস নামবে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে। এরপর ইউ মুম্বার সামনে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।












Click it and Unblock the Notifications