PKL Season 11: প্রো কবাডি লিগে বেঙ্গালুরুকে হারাল জয়পুর, দিল্লি ও পুণের দ্বৈরথ অমীমাংসিত
PKL Season 11: প্রো কবাডি লিগে আজ বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অন্যদিকে, দাবাং দিল্লি কেসি বনাম পুণেরি পল্টন দ্বৈরথ অমীমাংসিতভাবে শেষ হলো।
প্রো কবাডিতে চলছে নয়ডা পর্বের খেলা। কাল প্রো কবাডিতে রয়েছে বাংলার ফ্র্যাঢঞ্চাইজির ম্যাচ।

আজকের প্রথম ম্যাচে জয়পুর ৩৯-৩২ ব্যবধানে হারাল বেঙ্গালুরুকে। নয়ডা ইনডোর স্টেডিয়ামে হওয়া ম্যাচে জয়পুরের জয়ে বড় ভূমিকা রাখলেন রেইডার অর্জুন দেশওয়াল। তিনি একাই ১৯ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার লাকি শর্মার ঝুলিতে ৬ পয়েন্ট।
বেঙ্গালুরু বুলসের হয়ে এদিন সর্বাধিক ৯ পয়েন্ট সংগ্রহ করেন রেইডার অজিঙ্ক পওয়ার। রাইট রেইডার যতীন ৫ ও রেইডার জয় ভগবান ৪ পয়েন্ট সংগ্রহ করলেও তা পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না।
এদিনের অপর দ্বৈরথে দাবাং দিল্লি কেসি বনাম পুণেরি পল্টন ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলো। খেলার ফল ৩৮-৩৮। পল্টনের হয়ে রেইডার আকাশ শিণ্ডে ৮ এবং রাইট রেইডার মোহিত গয়াত ও ডিফেন্ডার আমন ৬ পয়েন্ট করে নিশ্চিত করেন। অধিনায়ক তথা রেইডার পঙ্কজ মোহিতে ৪ পয়েন্ট আদায় করেন।
দাবাং দিল্লি কেসির অধিনায়ক আশু মালিক একাই ১৭ পয়েন্ট পেলেন। রেইডার মোহিত ৬ ও ডিফেন্ডার যোগেশ ৪ পয়েন্ট আদায় করেন। পুণেরি পল্টন ৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা হরিয়ানার চেয়ে তারা এগিয়ে ২ পয়েন্টে।
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি কেসি রয়েছে পাঁচে। ৮ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে জয়পুর পিঙ্ক প্যান্থার্স সপ্তম স্থানে চলে এলো। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলস আছে ১১ নম্বরে। কাল গুজরাত জায়ান্টস খেলবে বেঙ্গল ওয়ারিয়রজের বিরুদ্ধে। অপর ম্যাচে পাটনা পাইরেটসের প্রতিপক্ষ হরিয়ানা স্টিলার্স।












Click it and Unblock the Notifications