PKL Season 11: বেঙ্গল ওয়ারিয়রজকে রুখে দিল ইউ মুম্বা, দাবাং দিল্লি কেসি হারাল তেলুগু টাইটান্সকে
PKL Season 11: প্রো কবাডি লিগের একাদশ সংস্করণে এখন খেলা চলছে হায়দরাবাদে। গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়াম আজ সাক্ষী থাকল চলতি পিকেএলের প্রথম টাইয়ের।
ম্যাচে প্রাধান্য ছিল বাংলার ফ্র্যাঞ্চাইজিরই। তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউ মুম্বা। এদিনের অপর ম্যাচে দাবাং দিল্লি কেসির কাছে হারল তেলুগু টাইটান্স।

এদিনের প্রথম দ্বৈরথে ইউ মুম্বাকে সমস্যায় ফেলেছিলেন বেঙ্গল ওয়ারিয়রজের মনিন্দর সিং। যদিও মনজিতের পারফরম্যান্সের সৌজন্যে ঘুরে দাঁড়ায় ইউ মুম্বা। যদিও বেঙ্গল ওয়ারিয়র্সের রক্ষণ ছিল বেশ জমাট। বেঙ্গল ওয়ারিয়রজের ফাজেল আত্রাচালি, মনিন্দর, সুশীল কাম্বরেকররা প্রথম ১০ মিনিটে দলকে ১ পয়েন্টে এগিয়ে রাখেন।
মনিন্দর লিড বাড়াতে থাকেন। হাফ টাইমের ৫ মিনিটে সুশীল ইউ মুম্বাকে অল আউট করতে সক্ষম হন। বিরতিতে বেঙ্গল ওয়ারিয়রজ এগিয়ে ছিল ২০-১৩ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও বেঙ্গল ওয়ারিয়রজ আধিপত্য বজায় রাখছিল। খেলা শেষের যখন মিনিট দশেক বাকি তখন বেঙ্গল ওয়ারিয়রজ এগিয়ে ছিল ২ পয়েন্টে।
শেষ লগ্নে ফাজেল ডিফেন্সকে নেতৃত্ব দিলেও মনজিৎ ইউ মুম্বার হয়ে বেঙ্গল ওয়ারিয়রজকে অল আউট করেন। ম্যাচ শেষ হতে যখন ১ মিনিট বাকি তখনও ইউ মুম্বা এগিয়ে ছিল ১ পয়েন্টে। যদিও শেষ অবধি বেঙ্গল ওয়ারিয়রজ রুদ্ধশ্বাস টাই নিশ্চিত করে ফেলে। খেলার ফল ৩১-৩১। ইউ মুম্বার হয়ে নজর কাড়লেন মনজিৎ ও সোমবীর। মনিন্দরের পাশাপাশি বেঙ্গল ওয়ারিয়রজের ময়ূর কদমও ভালো খেললেন।
এদিনের অপর ম্য়াচে দাবাং দিল্লি কেসি ৪১-৩৭ ব্যবধানে হারাল তেলুগু টাইটান্সকে। রেইডার তথা অধিনায়ক নবীন কুমার ও আশু মালিক দুজনেই ১৫ পয়েন্ট করে সুনিশ্চিত করেন। অন্যদিকে, তেলুগু টাইটান্সকে লড়াইয়ে রেখেছিলেন অধিনায়ক পবন শেরাওয়াত। তাঁর নামের পাশে ১৮ পয়েন্ট, আশিস নারওয়াল নিশ্চিত করেন ৯ পয়েন্ট।
পয়েন্ট তালিকায় বেঙ্গল ওয়ারিয়রজ রয়েছে ছয়ে, তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইউ মুম্বা রয়েছে সাতে। দাবাং দিল্লি কেসি ৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তেলুগু টাইটান্স নয়ে। ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পুনেরি পল্টন।
কাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে তামিল থালাইভাসের বিরুদ্ধে। ইউপি যোদ্ধাসের সামনে গুজরাত জায়ান্টস।












Click it and Unblock the Notifications