Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে খিলাড়ির খেল! শট পুটে রুপো বিশ্বচ্যাম্পিয়ন সচিনের
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা বেড়েই চলেছে। আজ প্রতিযোগিতার সপ্তম দিন। শট পুটে ভারতকে রুপো এনে দিলেন সচিন খিলাড়ি।
২০২৩ ও ২০২৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন সচিন এদিন রুপো জিতলেন ১৬.৩২ মিটারের থ্রো-র সৌজন্যে। যা পুরুষদের এফ৪৬ ইভেন্টে এশীয়দের মধ্যে সেরা থ্রো। সোনা জেতেন কানাডার গ্রেগ স্টুয়ার্ট।

এই ইভেন্টে ছিলেন আরও দুই ভারতীয়। তবে মহম্মদ ইয়াসের ও রোহিত কুমার পদকের লড়াইয়ে থাকতে পারেননি। ইয়াসের অষ্টম আর রোহিত নবম স্থান অধিকার করেন। তাঁদের সেরা থ্রো ছিল যথাক্রমে ১৪.২১ মিটার ও ১৪.১০ মিটারের।
এদিনের ফাইনালে সচিনের সব কটিই বৈধ থ্রো ছিল। তিনি সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে প্যারা শট পুটে চ্যাম্পিয়ন হয়েই প্যারিস প্যারালিম্পিক্সে নেমেছিলেন। তাঁর দ্বিতীয় থ্রো-টিই জেতাল রুপো। শুরু থেকেই প্রথম দুই দখলেই রেখেছিলেন সচিন।
সচিনের জন্ম মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার আটপড়ি তালুকার কারগানিতে। ৯ বছর বয়সে বাইসাইকেল দুর্ঘটনার শিকার হন সচিন। যার ফলে বাঁ হাত ভেঙে যায়, পরে সেই জায়গায় গ্যাংরিন ধরা পড়ে। ফলে হাতের একাংশ বাদ পড়ে। এই প্রতিকূলতা জয় করেই ইঞ্জিনিয়ার হন সচিন, কমেনি খেলাধুলো চালিয়ে যাওয়ার প্রত্যয়।
প্রথমে জ্যাভলিন শুরু করেন। কিন্তু কাঁধে চোট লাগায় শট পুটে চলে আসেন সচিন। কোচ অরবিন্দ চ্যবনের কাছে প্রশিক্ষণ নিতে থাকেন। তিনি জোর দেন কাঁধ ও বুকের নানা পেশী সবল রাখতে বিশেষ অনুশীলনে। ২০১৭ সালে জয়পুর ন্যাশনালসে ৫৮.৪৭ মিটারের থ্রো-র সৌজন্যে তিনি প্রথম সোনা জেতেন।
গত বছর নতুন এশীয় রেকর্ড গড়ে তিনি প্রথম প্যারা বিশ্ব খেতাব জেতেন। সেবার থ্রো ছিল ১৬.২১ মিটারের। হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন ১৬.০৩ মিটারের থ্রো-র সৌজন্যে। কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সেও তিনি সোনা জেতেন, নয়া এশীয় রেকর্ড (১৬.৩০ মিটার) গড়ে।
মহারাষ্ট্রে খরার সময়ে আর্থিক প্রতিকূলতার চ্যালেঞ্জ সামলাতে তিনি ইউপিএসসি-র ছাত্র-ছাত্রীদের পড়ান। এমনও হয়েছে সকালে দুই ঘণ্টা শট পুটের অনুশীলন সেরে পরে দৈনিক ৬ ঘণ্টা তিনি পড়ান। রায়ান ক্রাউসের, তাজিন্দরপাল সিং তুরকে শট পুটে আদর্শ মানেন সচিন।












Click it and Unblock the Notifications