Paris Olympics: টেবল টেনিসে রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়, প্রথমবার শেষ আটে জায়গা করে নিলেন মনিকারা
প্যারিস অলিম্পিক্সের টেবল টেনিসের ব্যক্তিগত ইভেন্টে ভারতীয় খেলোয়াড়রা ব্যর্থ হলেও দলগত ইভেন্টে জয় দিয়েই যাত্রা শুরু করল। সোমবার রাউন্ড অব ১৬-র ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। টেবল টেনিসে মহিলাদের দলগত ইভেন্টে রোমানিয়ার বিরুদ্ধে ভারত ৩-২ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, অর্চনা কামাথরা রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন রোমানিয়ার বিরুদ্ধে।
প্রথম দুটি খেলায় ভারত জিতে ২-০ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু তার পরেই ছন্দপতন। পর পর দুই ম্যাচে হেরে চাপে পড়ে যায় ভারত। রোমানিয়া ২-২ ফল করে ফেলে। শেষ তথা নির্ণায়ক ম্যাচে মনিকা বাত্রা ৩-০ গেমে জিতলেন। ম্যাচের ফল মনিকার পক্ষে ১১-৫,১১-৯,১১-৯। অলিম্পিক্সে প্রথমবার শেষ আটে জায়গা করে নিলেন মনিকারা।

রাউন্ড অফ ১৬-র প্রথম ম্যাচে টেবিল টেনিসে রোমানিয়ার প্রতিপক্ষকে হারল ভারতের শ্রীজা আকুলা ও অর্চনা কামাথের জুটি। ১১-৯, ১২-১০, ১১-৭ ফলে প্রথম ম্যাচ জিতে খেলায় লিড নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে নামেন বর্ষীয়ান মনিকা বাত্রা। ১১-৫, ১১-৭, ১১-৭ ব্যবধানে মনিকার জয়ের সঙ্গে সঙ্গে রোমানিয়ার সঙ্গে ২-০ লিড নেয় ভারত। কিন্ত এরপরই পর পর দুইটি ম্যাচে ভারতকে পরাজয়ের মুখ দেখতে হয়।
তৃতীয় ম্যাচে শ্রীজা এবং চতুর্থ ম্যাচে অর্চনা হারতেই চাপে পড়ে ভারত। ভারতের শ্রীজা প্রতিপক্ষ সামারার কাছে পাঁচ সেটের লড়াইয়ে ১১-৮, ৪-১১, ১১-৭, ৬-১১, ৮-১১ হারেন । পরের ম্যাচে অর্চনাও হতাশ করলেন। তবে খুব ভালো লড়াই করেও ৫-১১, ১১-৮, ৭-১১, ৯-১১ হারেন সসের কাছে।
কিন্তু মনিকা শেষে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। তাঁর দাপুটে জয়ই ভারতকে শেষ আটে জায়গা করে দিল। প্রথম এই টিম ইভেন্টে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস ভারতের।
ভারতের খেলোয়াড়েরা সিঙ্গলসে কেউ ভাল ফল করতে পারেননি। ছেলেদের সিঙ্গলসে শরথ কমল প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন। ব্যর্থ হন মনিকা থেকে শ্রীজা। কিন্তু মহিলাদের দলগত ইভেন্টে প্রথম ম্যাচে ভারতের পারফরম্যান্স কিন্তপ পদকের স্বপ্নটা হালকা হলেও উস্কে দিল।
একটি ডাবলস ম্যাচ, চারটি সিঙ্গলস ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকে মহিলাদের দলগত টেবল টেনিস ম্যাচের ভাগ্য। সেখানে ভারত ৩-২ ফলে ম্যাচ জিতে নিল। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মধ্যে কোনও এক দেশ।












Click it and Unblock the Notifications