Paris Olympics 2024: অঙ্কিতা-ধীরজের স্বপ্নভঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে খুব কাছে গিয়েও পদক হাতছাড়া ভারতের। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরার জুটি পরাস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে এবং কোয়ার্টার ফাইনালে স্পেনকে উড়িয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। সেখানে কোরিয়ার কাছে হেরে গেলেও পদকের আশা ছিল।

ভারত তিরন্দাজিতে অলিম্পিক্সে আজ অবধি কোনও পদক জেতেনি। আজ সেই সম্ভাবনা ছিল। কেন না, সেমিফাইনালে হারের পরও ব্রোঞ্জ জেতার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ভারতীয় তিরন্দাজরা। যদিও মার্কিন-দাপটে স্বপ্ন শেষ।
প্রথম সেট জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যাসি কফোল্ড ও ব্র্যাডি এলিসনের প্রথম দুটি শট ছিল যথাক্রমে ১০ ও ৯-এর। অঙ্কিতা ভকত মারেন সাতের ঘরে, ফলে ধীরজ ১০ মারলেও এগিয়ে থাকেন মার্কিন তিরন্দাজরা। তাঁদের পরের দুটি স্কোর ছিল ৯ ও ১০। ফলে প্রথম সেটে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট স্কোর ছিল ৩৮।
প্রথম সেটের শেষ দুটি শটে অঙ্কিতা ও ধীরজ দুজনেই স্কোর করেন, কিন্তু ভারত ৩৭-এর বেশি পায়নি। দ্বিতীয় সেটে অঙ্কিতা শুরু করেন সাত দিয়ে। ধীরজের স্কোর ছিল ১০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দুটি শটে স্কোর ছিল যথাক্রমে ১০ ও ৮। শেষ দুটি ক্ষেত্রে অঙ্কিতা ও ধীরজের তির যায় ৯-এর ঘরে।
দ্বিতীয় সেটে ভারত মোট স্কোর করে ৩৫। যদিও মার্কিনিরা ১০ ও ৯ স্কোর করে মোট স্কোর নিয়ে যায় ৩৭-এ। ফলে প্রথম দুটি সেট জিতে ভারতকে চাপে ফেলে দেন মার্কিন তিরন্দাজরা। সে কারণে সমতা ফেরাতে বাকি দুটি সেট জিততেই হতো ভারতকে।
তৃতীয় সেটের শুরুতে অঙ্কিতা মারেন ১০, ধীরজ ৯। মার্কিন তিরন্দাজরা পাল্টা মারেন যথাক্রমে ১০ ও ৭। এরপর অঙ্কিতা মারেন ৯, ধীরজ ১০। যার ফলে তৃতীয় সেটটি জেতে ভারত। শেষ দুটি নিয়মরক্ষার শটে মার্কিন তিরন্দাজরা মারেন যথাক্রমে ৯ ও ৮। ভারতের স্কোর হয় ৩৮, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪।
দ্বৈরথ শ্যুট-অফে নিয়ে চতুর্থ সেটটিও ভারতের কাছে ছিল মাস্ট উইন। অঙ্কিতার তির গিয়ে বেঁধে ৮-এর ঘরে, ধীরজের ৯-এ। ব্র্যাডি মারেন ১০, কফোল্ডের তির যায় ৯-এর ঘরে। ফলে প্রবল চাপে পড়ে যায় ভারত। অঙ্কিতা মারেন ৮, ধীরজ ১০। ব্র্যাডি ও কফোল্ড দুজনেই ৯-এর ঘরে তির রাখতেই ভারতের এই ইভেন্টে পদক জয়ের আশা শেষ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র জেতে ৬-২ পয়েন্টের ব্যবধানে।
কাল মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট রয়েছে। যাতে ভারতের দীপিকা কুমারী ও ভজন কৌর নামবেন। তাঁদের কেউ দেশকে তিরন্দাজির ঐতিহাসিক পদক এনে দিতে পারেন কিনা তা স্পষ্ট হয়ে কাল সন্ধ্যার মধ্যেই। মহিলা ও পুরুষদের দলগত বিভাগে এবং পুরুষদের ব্যক্তিগত বিভাগের তিরন্দাজিতে ভারতের অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications