Paris Olympics 2024: সাই অশোক প্যারিস অলিম্পিক্সে গড়ছেন অনন্য নজির, অলিম্পিয়ানদের জন্য বড় ঘোষণা কেরল সরকারের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু আজ ভারতীয় সময় রাত ১১টা থেকে। কাল থেকে বক্সিং ইভেন্ট রয়েছে।
বক্সিং ম্যাচ পরিচালনার জন্য যে অফিসিয়ালরা রয়েছেন, তাঁদের মধ্যে ভারতের সাই অশোক অনন্য নজির গড়তে চলেছেন।

ভারতের প্রাক্তন আন্তর্জাতিক বক্সার কাবিলান সাই অশোক। তাঁর নাম অলিম্পিক্সে বক্সিংয়ের রেফারি জাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে, ভারত থেকে সর্বকনিষ্ঠ হিসেবে অলিম্পিক্সে বক্সিং ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন তিনি।
সাই অশোকের বয়স এখন ৩২। অলিম্পিক্সে চতুর্থ ভারতীয় হিসেবে তিনি বক্সিং ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে চলেছেন। বিশ্ব চ্যাম্পিনশিপে নিজে বক্সিং রিংয়ে নেমেছেন, ম্যাচ পরিচালনা করেছেন। এবার অলিম্পিক্সে ম্যাচ পরিচালনার দায়িত্বে, এমন নজির আর কারও নেই।
পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে বক্সিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত রয়েছেন সাই অশোক। প্রথম ভারতীয় হিসেবে তিনি ওয়ার্ল্ড মিলিটারি বক্সিং কাউন্সিলের প্রেসিডেন্টও নির্বাচিত হন। ভারতের বক্সিং রেফারিদের মধ্যে সবচেয়ে দ্রুত তিনিই টু-স্টার থেকে থ্রি-স্টার স্টেটাস পেয়েছেন। লন্ডন অলিম্পিক্সের পর এই প্রথম ভারতের কেউ অলিম্পিক্সে বক্সিং ম্যাচ অফিসিয়েট করবেন।
এদিকে, কেরল থেকে যাঁরা প্যারিস অলিম্পিক্সে অংশ নিচ্ছেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। কেরলের মহম্মদ আনাস ও মহম্মদ আজমল (দুজনেই রিলে টিমের), আবদুল্লা আবুবক্কর (ট্রিপল জাম্প), পিআর শ্রীজেশ (হকি) ও এইচএস প্রণয় (ব্যাডমিন্টন) অলিম্পিক্সে অংশ নিচ্ছেন।
কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেন, ক্রীড়াবিদদের অনুশীলন ও অলিম্পিক্সে অংশগ্রহণের জন্য নানা খাতে খরচের জন্য এই অর্থ বরাদ্দ করা হলো। ভারতের হকি দলের পাশাপাশি প্রণয়ও অলিম্পিক্স থেকে পদক জিততে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications