Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ২০ দিন দূরে, ভারতের পদক জয়ের বড় দাবিদার কারা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে যাবে ২৬ জুলাই থেকে। ফলে সামার গেমস আর ঠিক ২০ দিন দূরে। ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্যারিসে ভারতীয় ক্রীড়াবিদরা জয়ধ্বজা উড়িয়ে পদক তালিকায় সর্বকালীন রেকর্ড গড়বেন বলে আশাপ্রকাশ করা হচ্ছে। নীরজ চোপড়া থেকে পিভি সিন্ধুরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন পদক জয়ের প্রত্যয়ের কথা। ভারতের পদক জয়ের ১০ বড় দাবিদার কারা? তা তুলে ধরা হয়েছে ইএসপিএনের প্রতিবেদনে।

নীরজ চোপড়া: নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে নেমেই সোনা জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে এই জ্যাভলিন থ্রোয়ারের সামনে পরপর দুটি অলিম্পিক্সে সোনা জয়ের হাতছানি রয়েছে। চোট যাতে বাধা না হয় সে কারণে প্যারিস ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়িয়েছেন নীরজ। পাভো নুরমি গেমসে তিনি সোনা জেতেন ৮৫.৯৭ মিটার থ্রোয়ের সৌজন্যে।
পিভি সিন্ধু: সিন্ধু এবার তৃতীয় অলিম্পিক্সে নামছেন। রুপোর পর ব্রোঞ্জ জিতেছেন। এবার পদকের রং বদলাতে মরিয়া। এই মুহূর্তে জার্মানিতে কোচ অ্যাগাস ডুই সান্তোসোর প্রশিক্ষণাধীন থেকে অনুশীলন সারছেন। ইন্দোনেশিয়া ওপেনে শেষবার নেমেছিলেন। ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর ওপেনে ভালো ছন্দে ছিলেন না। তবে প্রথম ভারতীয় হিসেবে তিনটি অলিম্পিক্স পদক জেতার রেকর্ডই হতে পারে তাঁর বড় মোটিভেশন।
সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি: ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির উপরেও ভারতের পদকের প্রত্যাশা রয়েছে। ইন্দোনেশিয়া ওপেনে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ায় বিশ্ব ক্রমপর্যায়ে এই জুটি এখন তিনে নেমে গিয়েছে। আগের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলেও এবার পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতের এই দুই শাটলার।
ভিনেশ ফোগাট: ভিনেশ ফোগাট গত মাসে বুদাপেস্টে র্যাঙ্কিং সিরিজে চিনের জিয়াং ঝু-র কাছে ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিলেন। আপাতত স্পেনে গ্রাঁ প্রি-তে অংশ নিয়ে তিনি ফ্রান্সে পৌঁছবেন। সেখানে ইভেন্টের আগে দিন কুড়ি অনুশীলনের পরিকল্পনা রয়েছে।
নিখাত জারিন: দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এই প্রথমবার অলিম্পিক্সে নামতে চলেছেন। নিখাত এই মুহূর্তে ভারতের আরও পাঁচ বক্সারের সঙ্গে জার্মানিতে ট্রেনিং সারছেন। ২২ জুলাই অবধি সেখানে অনুশীলন সেরে প্যারিসে যাবেন। মে মাসে ইলোরডা কাপে তিনি সেরা হন।
মীরাবাঈ চানু: টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। যদিও তারপর থেকে তাঁর কেরিয়ারে প্রতিবন্ধকতা তৈরি করেছে চোট। মীরাবাঈ অবশ্য নিশ্চিত তাঁর বিভাগে ২০০ থেকে ২১০ কেজি অবধি ভার তুলে পদক জেতার ব্যাপারে। এনআইএস পাতিয়ালাতে চলছে তাঁর প্রশিক্ষণ।
সিফট কৌর সামরা: শ্যুটারদের থেকে এবার বেশ কয়েকটি পদক প্রত্যাশা করা হচ্ছে। তাঁদের মধ্যে অন্যতম ভরসা সিফট কৌর সামরা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে তিনি এশিয়ান গেমসে সোনা জিতেছেন। মিউনিখ বিশ্বকাপে জিতেছেন ব্রোঞ্জ। অল্পের জন্য রুপো হাতছাড়া হয়। ফ্রান্সে ট্রেনিং নিয়েছেন অলিম্পিক্সের আগে।
লভলিনা বরগোঁহাই: নিখাতের সঙ্গেই জার্মানিতে ট্রেনিং সারছেন টোকিও অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা বরগোঁহাই। সম্প্রতি চেক প্রজাতন্ত্রে গ্রাঁ প্রি-তে তিনি দুটি বাউট হেরে যান, জেতেন একটিতে। তার ফলে রুপো জেতেন। অলিম্পিক্সে দ্বিতীয় পদকের লক্ষ্যে নামবেন লভলিনা।
পুরুষদের হকি দল: ভারতের পুরুষ হকি দল পদক জিতবে বলে প্রত্যাশা রয়েছে। যদিও প্রো লিগে ইউরোপ পর্বে ভারত সপ্তম স্থানে ছিল, স্পেন ও আয়ারল্যান্ডের চেয়েও পিছনে। বেঙ্গালুরুতে প্রস্তুতি নেওয়ার পর হরমনপ্রীত সিংয়ের দল যাবে সুইৎজারল্যান্ডে বন্ডিং ক্যাম্পের জন্য। দলে একমাত্র গোলরক্ষক পিআর শ্রীজেশ। ক্রেগ ফুলটনের প্রশিক্ষণাধীন দল কয়েকটি ফ্রেন্ডলিও খেলতে পারে।
অদিতি অশোক: গল্ফার অদিতি অশোক তৃতীয়বার অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। অদিতির বিশ্ব র্যাঙ্কিং ৬০, অলিম্পিক্সে তিনি ২৪তম স্থানটি দখলে নিয়েছেন যোগ্যতা অর্জনের পর। সাম্প্রতিককালে তিনি সাফল্য না পেলেও টোকিও অলিম্পিক্সে যেভাবে পদকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, এবারও তেমন কিছু করতে পারবেন বলে আশা রয়েছে।












Click it and Unblock the Notifications