Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে অব্যাহত থাকবে ভারতের পদক বৃদ্ধির ধারা, আশায় মনসুখ-ঊষা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে অব্যাহত থাকবে ভারতের পদক বৃদ্ধির ধারা। এমনই আশাপ্রকাশ করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
আজ দিল্লিতে অলিম্পিক্সে অংশ নিতে চলা অ্যাথলিটদের উপস্থিতিতে তিন রকমের কিট আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। এগুলি হলো- উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানের পোশাক, খেলার সময়কার পোশাক ও সরঞ্জাম ও ট্রাভেল গিয়ার-সহ পারফরম্যান্স শ্যু।

টোকিও অলিম্পিকে ভারত ১টি সোনা, ২টি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছিল। জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। মনসুখ বলেন, রিও অলিম্পিক্সে ভারত ২টি পদক জিতেছিল, তা টোকিওতে বেড়ে হয় ৭। ফলে ভারত রিওতে যেখানে ৬৭তম স্থানে শেষ করেছিল, টোকিওয় থাকে ৪৮ নম্বরে। আমি আত্মবিশ্বাসী এই বিকাশের ধারা এবার অব্যাহত থাকবে।
মনসুখ উল্লেখ করেন, নীরজের সোনা জয়ের সুবাদেই ভারত পদক তালিকায় এতটা উঠে আসতে পেরেছিল। এবার ভারতীয় অ্যাথলিটরা দেশকে পদক তালিকার আরও উঁচুতে নিয়ে যাবেন বলে আশাবাদী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী।
কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের সুফল অ্যাথলিটরা কীভাবে পাচ্ছেন তাও উল্লেখ করা হয় এদিনের অনুষ্ঠানে। মনসুখ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার টপস-সহ নানা প্রকল্পের মাধ্যমে ক্রীড়াবিদদের পারফরম্য়ান্স ও বিশ্ব র্যাঙ্কিংয়ের উন্নতিতে নানাভাবে সহযোগিতা করছে। দেশে নানা জায়গায় অনুশীলনের বন্দোবস্ত করার পাশাপাশি বিদেশে পাঠানো হচ্ছে। বিশ্বে ক্রীড়াক্ষেত্রের বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রীড়াবিদদের সাহায্যের জন্য বিশেষজ্ঞ, কোচ, সাপোর্ট স্টাফও রাখা হচ্ছে ক্রীড়া বাস্তুতন্ত্রকে জোরদার রাখতে।
আইওএ সভাপতি ঊষা বলেন, এবার অলিম্পিক্সের সময় সেরা সাপোর্ট সিস্টেম রাখা হচ্ছে। ডা. দিনশ পারদিওয়ালার নেতৃত্বে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ওয়েলনেস বিশারদ, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট ও স্লিপ সায়ান্টিস্টের শক্তিশালী দল থাকবে। অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফদের দেওয়া হবে পার্টিসিপেশন অ্যালাওয়েন্স।
ঊষা আশাবাদী ভারত এবারের অলিম্পিক্সে সেরা সাফল্য সুনিশ্চিত করবে। প্রায় ১২০ জন প্রতিযোগী এবারের অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করবেন। ১৬ সদস্যের পুরুষ হকি দল রয়েছে। এ ছাড়া রেকর্ড সংখ্যক ২১ জন শ্যুটার প্যারিস যাচ্ছেন পদকের লক্ষ্যে। দেশের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, জ্যাভলিনে সোনা দখলে রাখতে পারবেন নীরজ। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স, চলবে ১১ অগাস্ট অবধি।












Click it and Unblock the Notifications