Paris Olympics 2024: তিরন্দাজির মিক্সড টিমের শেষ আটে ভারত, জিইয়ে পদকের আশা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে জিইয়ে রইল ভারতের পদকের আশা। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিলেন ভারতীয় তিরন্দাজরা।
কলকাতার সিঁথির মেয়ে অঙ্কিতা ছিলেন দারুণ ছন্দে। তিনি জুটি বেঁধেছেন ধীরজ বোম্মাদেবরার সঙ্গে। আজই এই ইভেন্টের মেডেল ম্যাচ রয়েছে।

লড়াই ছিল চার সেটের। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় ছিলেন বিশেষজ্ঞরা। যদিও তিন সেটের মধ্যেই জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথম সেটে অঙ্কিতা ৯ মারেন, ধীরজ ১০। এরপর দুজনের তিরই পৌঁছে যায় ৯ পয়েন্টের ঘরে।
ইন্দোনেশিয়ার হয়ে অংশ নিয়েছিলেন দিনান্দা চৈরুনিসা ও আরিফ পাংগেস্তু। ইন্দোনেশিয়ার তিরন্দাজরা মারেন ৯, ১০, ৮ ও ৯। তাঁদের মোট স্কোর হয় ৩৬। ভারতের ছিল ৩৭। ফলে প্রথম সেট নিজেদের দখলে নেন অঙ্কিতা ও ধীরজ।
দ্বিতীয় সেটে অবশ্য লড়াই ছিল সমান সমান। দুই দলের স্কোর ছিল ৩৮। ১ পয়েন্ট করে সংগ্রহ করে ভারত ও ইন্দোনেশিয়া। অঙ্কিতার প্রথম দুই শট ছিল ৯ ও ১০-এর, ধীরজের ১০ ও ৯-এর। ইন্দোনেশিয়ার তিরন্দাজদের স্কোর ছিল যথাক্রমে ১০, ৯, ৯ ও ১০।
এরপর তৃতীয় সেট। অঙ্কিতার তির দু-বারই যায় ১০-এর ঘরে। ধীরজ দু-বারেই মারেন ৯ করে। ভারতের মোট স্কোর দাঁড়ায় ৩৮। ইন্দোনেশিয়ার তিরন্দাজরা একবারই ১০-এর ঘরে তির রাখতে মেরেছেন, বাকি তিনটি ক্ষেত্রে তা ছিল নয়ের ঘরে। ফলে তাঁদের মোট স্কোর হয় ৩৭। ফলে এই সেটটিও যায় ভারতের দখলে।
ইন্দোনেশিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। কোয়ার্টার ফাইনালে ভারতের ইভেন্ট রয়েছে বিকেল ৫টা ৪৫ মিনিটে। প্রতিপক্ষ স্পেন। স্পেনের এলিয়া কানালেস ও পাবলো আচা গঞ্জালেজ জুটি ৬-২ ব্যবধানে হারিয়েছে চিনের জিয়াওলেই ইয়াং ও ইয়ান ওয়াংয়ের জুটিকে। এই ইভেন্টের সেমিফাইনাল রয়েছে সন্ধ্যা ৭টা ১ মিনিট থেকে। ব্রোঞ্জ জয়ের ম্যাচ রাত ৭টা ৫৪ মিনিট থেকে। সোনার পদকের ম্যাচ রাত ৮টা ১৩ মিনিট থেকে।












Click it and Unblock the Notifications