Paris Olympics 2024: পিছিয়ে পড়েই দুরন্ত প্রত্যাবর্তন, হকিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে ৪১ বছরের খরা কাটিয়ে হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল এবার পদকের রং বদলাতে মরিয়া।
বিশেষ করে গোলরক্ষক পিআর শ্রীজেশের জন্যই ভারত এবার প্যারিস থেকে পদক চাইছে। সেই লক্ষ্যের প্রথম ধাপ সসম্মানে উত্তীর্ণ ভারতীয় হকি দল। পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিনিয়ে নিল দুরন্ত জয়।

প্রথম কোয়ার্টারে ভারত পিছিয়ে ছিল ১ গোলে। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ফল ছিল ১-১। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে যায় ২-১ গোলে। শেষ কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। শেষ অবধি ভারতের জয় এলো ৩-২ ব্যবধানে।
ম্যাচের ৪ মিনিটে অভিষেকের শট বাঁচান কিউয়ি গোলরক্ষক ডমিনিক ডিক্সন। ৮ মিনিটে স্যাম লেন পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে দেন নিউজিল্যান্ডকে। ১৬ মিনিটে সুখজিৎ সিংয়ের শট বাঁচান গোলকিপার। ২৪ মিনিটে হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করতে পারেননি।
২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান মনদীপ সিং। ৩২ মিনিটের মাথায় মনদীপ সিংয়ের শট বাঁচিয়ে দেন নিউজিল্যান্ডের গোলকিপার। এরপর নিউজিল্য়ান্ডের স্কট বয়েডের গোল বাঁচান ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ।
৩৪ মিনিটে বিবেক সাগর প্রসাদ ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড। ৩৬ মিনিটে হেডেন ফিলিপসের শট বাঁচানোর পর ভারতীয় গোলরক্ষক হেডেন ফিলিপস, কেন রাসেল ও স্যাম লেনের পরপর পেনাল্টি কর্নার বাঁচিয়ে দেন।
৪৬ মিনিটে সুখজিৎ সিংয়ের শট বাঁচানোর পর ৪৭ মিনিটে অমিত রুইদাসকেও পেনাল্টি কর্নার থেকে গোল করতে দেননি কিউয়ি গোলকিপার। ভারতীয় গোলকিপারও কয়েকটি পেনাল্টি কর্নার বাঁচান। যদিও ৫৩ মিনিটে সাইমন চাইল্ডের গোলে সমতা ফেরায় নিউজিল্যান্ড।
৫৮ মিনিটে হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি কর্নার থেকে গোল করার জোড়া প্রয়াস প্রতিহত হয়। তবে হরমনপ্রীতই চাপ বজায় রেখে ৫৯ মিনিটে ভারতের জয়সূচক গোলটি করেন। এই গ্রুপের অপর ম্যাচে বেলজিয়াম ২-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। অস্ট্রেলিয়া ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্তিনার বিরুদ্ধে। ভারতের পরবর্তী ম্যাচ ২৯ জুলাই ভারতীয় সময় বিকেল ৪টে ১৫ থেকে আর্জেন্তিনার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications