National Games 2025: ঋতু ও প্রণতি জিমন্যাস্টিক্সে, অনির্বাণ-ঐহিকা টিটিতে জেতালেন সোনা, বাংলা রইল আটে
National Games 2025: জাতীয় গেমসে বাংলা পদক তালিকার অষ্টম স্থানে শেষ করল। বাংলার ঝুলিতে ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ।
আজ জিমন্যাস্টিক্সে এলো দুটি সোনা, একটি রুপো। এ ছাড়া টেবল টেনিসের মিক্সড ডাবলসে বাংলাকে সোনা জেতালেন অনির্বাণ ঘোষ ও ঐহিকা মুখোপাধ্যায়।

মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অ্যাপারেটাস ব্যালান্সিং বিমে বিভাগে সোনা জিতলেন বাংলার ঋতু দাস। তাঁর স্কোর ছিল ১১.৩৬৭। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন প্রণতি নায়েক (১০.৭৩৩)। প্রণতি বাংলার জিমন্যাস্ট হলেও জাতীয় গেমসে প্রতিনিধিত্ব করেন ওডিশার হয়ে। রুপো জেতেন মহারাষ্ট্রের শতাক্ষী টাক্কে (১১.০৬৭)।
মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অ্যাপারেটাস ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন বাংলার প্রণতি দাস। তাঁর স্কোর ১১.৯৬৭। বাংলারই প্রতিষ্ঠা সামন্ত জিতলেন রুপো, ১১.৫৩৩ স্কোর করে। দিল্লির স্নেহা তারিয়াল জেতেন ব্রোঞ্জ। ব্যক্তিগত ও দলগত ইভেন্ট মিলিয়ে জাতীয় গেমসে তিনটি সোনা জিতলেন প্রণতি।
এবারের জাতীয় গেমস থেকে বাংলার সবচেয়ে বেশি ১২টি পদক এলো জিমন্য়াস্টিক্স থেকে। পাঁচটি করে সোনা ও রুপো এবং ২টি ব্রোঞ্জ। লন বল থেকে এসেছে আটটি পদক (১টি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ)। টেবল টেনিসে এলো ৬টি পদক (তিনটি সোনা ও তিনটি ব্রোঞ্জ)।
সাঁতার থেকে এলো পাঁচটি পদক। ২টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। যোগাসন থেকে তিনটি সোনা ও একটি রুপো এসেছে। অ্যাথলেটিক্স, ভারোত্তোলন ও উশুতে এসেছে ২টি করে পদক। তিরন্দাজি, ফুটবল, খো খো, জুডো, লন টেনিস ও শ্যুটিং থেকে এসেছে ১টি করে পদক।
সোনা সবচেয়ে বেশি এসেছে জিমন্যাস্টিক্স থেকে, সংখ্যাটি ৫। তিনটি করে সোনা এসেছে যোগাসন ও টেবল টেনিসে। ২টি সোনা সাঁতারে। ১টি করে সোনা এসেছে লন বল, অ্যাথলেটিক্স ও তিরন্দাজিতে। জাতীয় গেমসে বাংলার শেফ দ্য মিশন বিশ্বরূপ দে জানিয়েছেন, জাতীয় গেমসে বাংলা এবার ১৬টি সোনা জিতেছে। যা সেরা সাফল্য। রাজ্যের কাছে গর্বের মুহূর্ত।












Click it and Unblock the Notifications