National Games 2025: জাতীয় গেমসে সোনা জুয়েলের, গর্বিত ঝাড়গ্রামে রাজ্য সরকারের বাংলা তিরন্দাজি আকাদেমি
National Games 2025: জাতীয় গেমসে আজ বাংলাকে সপ্তম সোনাটি এনে দিলেন জুয়েল সরকার। তিরন্দাজির রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে।
এই প্রতিবেদন লেখা অবধি পশ্চিমবঙ্গ পদক তালিকায় রয়েছে দ্বাদশ স্থানে। সাতটি সোনা, পাঁচটি রুপো ও আটটি ব্রোঞ্জ, মোট ২০টি পদক এসেছে বাংলার ঘরে।

উত্তরাখণ্ডে চলতি ৩৮ তম জাতীয় গেমসে তিরন্দাজিতে বাংলার প্রথম পদকটি নিশ্চিত করলেন জুয়েল। তাও আবার সোনা। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রামের বাংলা আর্চারি আকাদেমির শিক্ষার্থী জুয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নজরদারিতে তৈরি হয়েছে এই আকাদেমি।
এই আকাদেমি থেকে উঠে আসা মালদহের জুয়েল সরকারের সোনালি সাফল্য প্রমাণ করছে সঠিক দিশাতেই এগিয়ে চলেছে এই আকাদেমি। সেখানকার শিক্ষার্থী জুয়েলের সোনা জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
২০১৮ সাল থেকে এই আকাদেমির শিক্ষার্থী জুয়েল। মাত্র ১২ বছর বয়সে আকাদেমিতে যোগদান করেন। এবার জাতীয় গেমসে সোনা জিতে নিজের প্রতিভার দৃষ্টান্ত রাখলেন তিনি। জুয়েল অলিম্পিক্স থেকেও পদক জিতবেন, আশায় বাংলার ক্রীড়া মহল।
আজ বাংলার মহিলা ফুটবল দল টাইব্রেকারে দিল্লিকে ৫-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। মহিলাদের হকির গ্রুপ লিগের খেলায় বাংলা ২-০ গোলে হারিয়েছে হরিয়ানাকে।
এবারের জাতীয় গেমসে বাংলা সবচেয়ে বেশি পদক জিতেছে সাঁতারের ইভেন্ট থেকে। অ্যাকোয়াটিক্সে দুটি সোনা, একটি রুপো ও ২টি ব্রোঞ্জ এসেছে বাংলার ঘরে, সবমিলিয়ে পাঁচটি পদক। লন বলে ১টি করে সোনা ও রুপো ও ২টি ব্রোঞ্জ জিতেছে বাংলা। যোগাসনে এসেছে তিনটি সোনা, একটি রুপো। সবচেয়ে বেশি সোনা এসেছে যোগাসনেই।
ভারোত্তোলনে বাংলার ঝুলিতে এসেছে ২টি রুপো। উশুতে ২টি ব্রোঞ্জ। তিরন্জাজিতে ১টি সোনা ও শ্যুটিংয়ে এসেছে ১টি ব্রোঞ্জ।












Click it and Unblock the Notifications