Indian Hockey: ভারতীয় হকি দলের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কী কারণে জানেন?
Indian Hockey: টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। এবার সেই দলের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
অলিম্পিক্সের আসর থেকে ভারত আজ অবধি সবচেয়ে বেশি পদক জিতেছে। প্যারিসের ব্রোঞ্জে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩।

বিখ্যাত এক্সপ্লোরার মাইক হর্ন ভারতীয় হকি দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়, ২০১৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করানো ও সেই বছরই বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করানোর পিছনে হর্নের অবদান রয়েছে।
হর্ন মনে করছেন, ভারতের এবারও হকিতে ব্রোঞ্জ জয়ের মধ্যে ডেডিকেশন স্পষ্ট। ভারত এবার হকিতে সোনা জিতলেও তিনি অবাক হতেন না। তবে এই ব্রোঞ্জ জয় ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের ভিত তৈরি করল বলে ধারণা হর্নের। তিনি হরমনপ্রীত সিংয়ের খেলাতেও মুগ্ধ।
পরের অলিম্পিক্সে এবারের দলের অনেকেই থাকবেন না। শ্রীজেশের মতো আরও কয়েকজন অবসর নেবেন। তাঁদের জায়গা ভরাটে তুলে আনতে হবে নতুন প্লেয়ারদের। এই পরিস্থিতিতে আগামীর রূপরেখা ঠিক করতেই হকি দলের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
১০ সেপ্টেম্বর সেই বৈঠকটি হবে। লস অ্যাঞ্জেলেসে সোনা জেতার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ স্থির করতেই ওই বৈঠক। প্যারিস থেকে দেশে ফেরার পর আজ সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহক তথা ভারতীয় ব্রোঞ্জজয়ী হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ, ডিফেন্ডার সঞ্জয়, অমিত রুইদাস ও স্ট্রাইকার অভিষেককে সংবর্ধিত করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
মাণ্ডব্য বলেন, আপনারা অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। আমরা সোনা পাইনি, কিন্তু খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। সেমিফাইনালে পরাস্ত হওয়ার পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়ে সকলকে অনুপ্রাণিত করেছে তা প্রশংসনীয়।
এরপরই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, এখানেই পথ থেমে যায়নি। আমি ১০ সেপ্টেম্বর হকি দলের সকলের সঙ্গে বসব। লস অ্যাঞ্জেলেস থেকে যাতে সোনা নিয়েই ফেরা যায় সেজন্য যা যা করণীয় তা আমরা আলোচনার মাধ্যমে স্থির করব। প্লেয়ারদের মতামত জেনে সব বন্দোবস্ত করবে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ভারত অলিম্পিক্স থেকে ৮টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ ঘরে তুলেছে। ৫২ বছর পর অলিম্পিক্স হকিতে পরপর দুবার পদক জেতার নজির রেখেছেন হরমনপ্রীত সিংরা।
এবার অলিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্সে সন্তুষ্ট মাণ্ডব্য বলেন, টোকিওয় আমরা ৭টি পদক জিতেছিলাম। এবার এলো ছয়টি। তবে চতুর্থ স্থানে থাকায় আমরা সাতটি পদক হাতছাড়া করেছি। ফলে যথেষ্টই ভালো পারফরম্যান্স হয়েছে এবারের অলিম্পিক্সে।












Click it and Unblock the Notifications