দিল্লি পুলিশের বিরুদ্ধে কুস্তিগীরদের উপর নিগ্রহের অভিযোগ, গর্জে উঠলেন মমতা-কেজরি

দিল্লি পুলিশের হাতে আটক বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো তারকা কুস্তিগীররা। আজ রাজধানীতে কুস্তিগীরদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। ভিনেশ ও সঙ্গীতা ফোগাট পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।

দিল্লিতে আজ নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যন্তর মন্তর থেকে তার কাছে গিয়ে মহিলা সম্মান মহাপঞ্চায়েত আয়োজনের পরিকল্পনা ছিল কুস্তিগীরদের। যদিও সেই কর্মসূচিতে বাধা দেয় দিল্লি পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

কুস্তিগীরদের প্রতিবাদ

যেভাবে কুস্তিগীরদের মিছিলকে বাধা দেওয়া হয়েছে তাতে দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মহিলা কুস্তিগীররা দিল্লি পুলিশের নিগ্রহের অভিযোগ তুলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট-সহ কুস্তিগীরদের মারধর ও নিগ্রহ করেছে তার নিন্দা জানাই। দেশের চ্যাম্পিয়নদের প্রতি এমন আচরণ লজ্জাজনক। গণতন্ত্রর অন্যতম ভিত্তি সহনশীলতা। কিন্তু স্বৈরাচারী শক্তি বিরোধীদের প্রতি অসহনশীল হয়ে দমনপীড়নের আশ্রয় নিচ্ছে।

কুস্তিগীরদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন, যে ক্রীড়াবিদরা দেশকে গৌরবান্বিত করেন তাঁদের প্রতি এমন আচরণ ভুল এবং নিন্দাযোগ্য। কেন্দ্রের শাসক দলের তরফে অবশ্য এখনও কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দিল্লি পুলিশের সঙ্গে কুস্তিগীরদের ধ্বস্তাধ্বস্তি এবং তাঁদেরআটক করার পর থেকে যন্তর মন্তর ফাঁকা করতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের। আদৌ কুস্তিগীররা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দিল্লি পুলিশের দাবি, আইন-শৃঙখলা পরিস্থিতি নষ্ট করার অভিযোগে আটক করা হয়েছে কুস্তিগীরদের।

ভিনেশ ফোগাট

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ। তাঁকে গ্রেফতার করে শাস্তিমূলক পদক্ষেপের দাবিই জানাচ্ছেন কুস্তিগীররা। ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসার ফাঁকেই ঘোষণা করেছিলেন আজকের মহিলা সম্মান মহাপঞ্চায়েত কর্মসূচির।

যদিও পুলিশের বাধায় সেই মহাপঞ্চায়েত এদিন আয়োজন করা যায়নি। যেখানে নতুন সংসদ ভবন উদ্বোধন হলো, তার দু কিলোমিটারের মধ্যেই ধরনা ও প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন কুস্তিগীররা। আজ তাঁদের কর্মসূচির কথা আগাম জেনে ব্যারিকেড তৈরি করে কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল।

সাক্ষী মালিক

যে কোনও মূল্যে সংসদ ভবনের কাছে গিয়ে প্রতিবাদ করবেন বলে জানিয়েছিলেন কুস্তিগীররা। ভিনেশ ও সঙ্গীতা ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন। শান্তিপূর্ণভাবেই মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ভিনেশ, বজরং, সাক্ষীদের। যদিও পুলিশি বাধায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

বিকেইউ নেতা রাকেশ টিকায়েতের নেতৃত্বে কয়েকশো কৃষক কুস্তিগীরদের পাশে দাঁড়াতে দিল্লিতে যাচ্ছিলেন। তাঁদের গাজীপুর বর্ডারে আটকায় পুলিশ। কুস্তিগীরদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ সাক্ষী মালিকের। জোর করে তাঁদের ছোট বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সাক্ষী মালিক

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল টুইটে লেখেন, যে মহিলা কুস্তিগীররা দেশের পতাকাকে উঁচুতে তুলে ধরেছেন, তাঁদেরই আজ মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। অবমাননা করা হচ্ছে জাতীয় পতাকারও!

চ্যাম্পিয়নদের সঙ্গে এ দেশে কেমন ব্যবহার করা হচ্ছে তা গোটা বিশ্ব দেখছে বলে টুইট করেন সাক্ষী মালিক। ফোগাট বোনেদের সঙ্গে অন্যান্য মহিলা কুস্তিগীরদের দিল্লি পুলিশের পুরুষ কর্মীরা নিগ্রহ করেছেন বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+