অলিম্পিক অভিষেকে পদক নিশ্চিত করতে বক্সার লাভলিনাকে নিতে হবে মধুর প্রতিশোধ
রিংয়ে স্বভাবসিদ্ধ দাপট দেখিয়েই টোকিওয় অলিম্পিক অভিষেক হয়েছে অসম থেকে উঠে আসা ভারতীয় বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের। পদক আর এক কদম দূরে। তবে তার আগে ওয়েল্টারওয়েটের কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লাভলিনাকে নিতেই হবে মধুর প্রতিশোধ। তাঁর ব্যক্তিগত কোচ অবশ্য বেশ আশাবাদী।

শেষ সাক্ষাতে
২০১৮ সালে শেষ সাক্ষাতে চাইনিজ তাইপের চেন নিন-চিনের কাছে পরাস্ত হয়েছিলেন লাভলিনা। দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। বাউট চলাকালীন প্রতিপক্ষের মাথার পিছন দিকে আঘাত করার প্রয়াসের জন্য রেফারি তাঁকে সতর্কিত করেছিলেন। কিন্তু শেষ রাউন্ডেও সেই একই ভুলের মাশুল দিয়ে আর ফাইনালে ওঠা হয়নি লাভলিনার। তাঁর ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুং এ প্রসঙ্গে বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাউটে আমরা সাধ্যমতো যা করার করেছিলাম। প্রথম রাউন্ডে ভালো শুরু না করলেও পরে নিজের খেলাকে উন্নত করেন লাভলিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গাতেও পৌঁছায়। তবে তখন তাঁর অভিজ্ঞতাও কম ছিল। এখন তিনি চেনের মুখোমুখি হওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ভালোই করবেন। এখনও তাঁকে কোনও টিপস না দিলেও নিশ্চিতভাবেই বাউটের আগে প্রয়োজনীয় পরামর্শ দেবেন সন্ধ্যা গুরুং।

আরও আধিপত্য
প্রি কোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেটজকে স্প্লিট ডিসিশনে ৩-২ ব্য়বধানে হারান লাভলিনা। মাত করেছিলেন কাউন্টার অ্যাটাকে। তবে সন্ধ্যা গুরুং মনে করছেন, কাউন্টার অ্যাটাকের জন্য অপেক্ষা না করে শুরু থেকেই আধিপত্য বজায় রাখতে হবে। প্রথম বাউটে লাভলিনা যে পারফর্ম করেছেন তার থেকে অনেক ভালো করা যেত। যেভাবে তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাতে ৫-০ ব্যবধানে জেতা উচিত। কিন্তু তা হয়নি। ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হয়েছে। কিন্তু সেটা এখন অতীত, এখন সামনের লড়াই।

যা করণীয়
ভারতের মহিলা বক্সিংয়ের সহকারী কোচ সন্ধ্যা গুরুংয়ের কথায়, আমার মনে হচ্ছিল লাভলিনা যেন দ্বিধায় ভুগছিল। যেন দ্রুত আপেটজকে হারাতে চাইছিলেন। হতে পারে এটা তাঁর প্রথম অলিম্পিক বাউট বলেই। আগে থেকেই ঠিক করে রাখা কিছু মুভ না ভেবেই প্রয়োগ করেছেন লাভলিনা। কিন্তু রিংয়ে প্রতিপক্ষকে সঠিকভাবেই বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। কোনও পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু বাউট চলার সময় তা বদলানোর দরকার হলে বদলাতেই হবে। নিজের স্বাভাবিক খেলা খেলতেই লাভলিনার জয় আরও সহজ হতে পারত। প্রতিপক্ষের ভিডিও অ্যানালিসিস করে সকলেই শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। সেটা বুঝেই নিজেকে মেলে ধরতে হবে। কোয়ার্টার ফাইনালে লাভলিনার জন্য সন্ধ্যার পরামর্শ, প্রতিপক্ষের চেয়ে নিজের তিন ইঞ্চি বেশি উচ্চতাকে কাজে লাগাতে হবে। এটা মাথায় রাখতে হবে। দু সপ্তাহ আগে লাভলিনার ডান পায়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ বলেই বিশ্বাস লাভলিনার কোচের।












Click it and Unblock the Notifications