শ্রীজেশ পরাস্ত ৭ বার! টোকিও অলিম্পিক হকিতে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের
টোকিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল ভারত। বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া ভারতকে হারাল ৭-১ গোলে। জাপানকে পাঁচ গোলে হারানোর পর ভারতের বিরুদ্ধে ৭-১ গোলে জয় অজিদের। মনপ্রীত সিংয়ের দলের পরের ম্যাচ মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে।

শ্রীজেশ পরাস্ত ৭ বার
অভিজ্ঞ গোলকিপার শ্রীজেশকে এদিন হজম করতে হল সাত-সাতটি গোল! প্রথম কোয়ার্টারে ভারত ১ গোলে পিছিয়ে ছিল। বিরতিতে সেই ব্যবধান বেড়ে হয় ৪-০। বিরতির পর দিলপ্রীত সিংয়ের গোলে ব্যবধান কমলেও অপ্রতিরোধ্য ছিল অজিরা। তৃতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়া যায় ৬-১ গোলে। শেষ চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল করে ৭-১ গোলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জাপান অজিদের কাছে পাঁচ গোল হজম করেছিল।

অস্ট্রেলিয়ার দাপট
পুরুষদের হকিতে পুল এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দেখা যায় অজিদের দাপট। ১০ মিনিটে ড্যানিয়েল বিলের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২১ মিনিটে ব্যবধান বাড়ান জেরেমি হেওয়ার্ড। ২ মিনিট পরেই অ্যান্ড্রু ফ্লিন অগিলভির গোল। ২৬ মিনিটে চতুর্থ গোলটি করেন জোশুয়া বেল্টজ।

টানা দ্বিতীয় জয় অজিদের
বিরতির পর ৩৪ মিনিটের মাথায় দিলপ্রীত সিং ভারতের একটিমাত্র গোলটি করেন। তবে সেই ব্যবধান কমে মাত্র কয়েক মিনিটের জন্য। ৪০ ও ৪২ মিনিটে গোল করেন ব্লেক গোভার্স। ৫১ মিনিটে ম্যাচে অজিদের সপ্তম গোলটি করেন টিম ব্র্যান্ড। টানা দ্বিতীয় ম্যাচ জিতে বিশ্বের ১ নম্বর দল সোনা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল।

অন্য ম্যাচে
পুল এ-র অপর ম্যাচে আর্জেন্তিনা জাপানকে হারিয়েছে ২-১ গোলে। ভারতের পরবর্তী প্রতিপক্ষ স্পেন গতকাল আর্জেন্তিনার সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করার পর এদিন এগিয়ে থেকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আটকে গিয়েছে।খেলার ফল ৩-৩।












Click it and Unblock the Notifications