সোনা জয়ের পর নীরজের ঝুলিতে টোকিও অলিম্পিক থেকে পাওয়া অন্য বড় স্বীকৃতি
সোনা জয়ের পর নীরজের ঝুলিতে টোকিও অলিম্পিক থেকে পাওয়া অন্য বড় স্বীকৃতি
টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। ১২১ বছর পর ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে পদক এনে দিয়ে ইতিহাস রচনা করেছেন ২৩ বছরের অ্যাথলিট। ২০০৮ সালের অভিনব বিন্দ্রার পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জিতে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন নীরজ। সেই সাফল্যর মধ্যেই এবার টোকিও অলিম্পিক অন্য এক বড় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

প্রতিবারের মতো টোকিও অলিম্পিক থেকে দশটি সেরা মুহুর্ত নির্বাচন করা হয়। সেগুলির মধ্যে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে নীরজ চোপড়ার সোনা জয়ের মুহুর্তকে রাখা হয়েছে। গত রবিবার অর্থাৎ ৮ অগাস্ট শেষ হয়েছিল টোকিও অলিম্পিক। একদিন আগে অর্থাৎ ৭ অগাস্ট অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন নীরজ। পুরুষদের জ্যাভলিন থ্রোই ছিল টোকিও গেমসে ভারতেক শেষ ইভেন্ট। বাজিগরের মতো শেষবেলায় জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস রচনা করা চোপড়ার সোনালী মুহুর্তকে বাঁধিয়ে রেখেছে আইওসি।
কেরিয়ারের কার্যত সূচনা লগ্নে অলিম্পিক থেকে সোনা জিতে অন্য স্তরে পৌঁছে গিয়েছেন নীরজ চোপড়া। তারপরও নতুন করে পর্বতে চড়তে চান নীরজ। ঠিক করে ফেললেন নিজের পরবর্তী লক্ষ্য। জানিয়ে দিয়েছেন যে এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা। উল্লেখ্য অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড নথিভূক্ত। টোকিও গেমসে সেই রেকর্ড ভাঙতে চেয়েও পারেননি নীরজ চোপড়া। আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট। উল্লেখ্য নীরজের প্রধান প্রতিদ্বন্দ্বী জার্মানির ইয়োহনাস ভেটের টোকিও গেমসে ব্যর্থ হলেও তিনি অনায়াসে ৯০ মিটারের বেশি দূরত্বে বর্শা নিক্ষেপ করতে পারেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যা নীরজের কাছে চ্যালেঞ্জের হতে পারে বলে মনে করা হচ্ছে।
২০১৮ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজ চোপড়াকে ২০১৯ সালের কনুইয়ের চোটে ভুগতে হয়েছে। ফলে দোহায় অনুষ্ঠিত হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার অংশ নিতে পারেননি। প্রতিযোগিতার ২০২২ সালের সংস্করণ আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে অংশ নেওয়া শুধু নয়, দেশের হয়ে সোনা জেতাও যে তাঁর লক্ষ্য তাও জানাতে ভোলেননি চোপড়া। ইতিমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জেতা নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা হতে পারলে এক বৃত্ত সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications