PR Sreejesh: বিসিসিআইয়ের পথেই হাঁটছে হকি ইন্ডিয়া, সচিন-ধোনির মতোই বিরল সম্মান শ্রীজেশকেও
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই ভারতীয় দল থেকে বিদায় নিয়েছেন গোলরক্ষক পিআর শ্রীজেশ। ভারতীয় হকিতে একটা বর্ণময় অধ্যায়ের সমাপ্তিও হয়েছে। এবার সদ্য প্রাক্তন হওয়া গোলরক্ষককে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া।
বিসিসিআইয়ের পথেই হাঁটছে হকি ইন্ডিয়া। এরআগে ভারতের দুই ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনিকে সম্নান জানাতে তাঁদের জার্সিকে চিরতরে সিন্দুকে তুলে রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সচিন-ধোনির মতোই একই সম্মান পাচ্ছেন শ্রীজেশ। এবার তাঁর জার্সিও সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া।

২০০৬ সালে ভারতীয় সিনিয়র দলে যাত্রা শুরু করেছিলেন। এরপর থেকে দীর্ঘদিন ছিলেন ভারতীয় দুর্গের শেষ প্রহরী। অবশেষে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে কেরিয়ারে ইতি টেনেছেন ৩৬ বছর বয়সী শ্রীজেশ। গত বৃহস্পতি ব্রোঞ্জ জয়ের মধ্যেই শ্রীজেশের অবসরের আবেগে ভেসে যান ভারতীয় হকি দলের সদস্যরা।
এবার ভারতীয় জুনিয়র হকি দলের কোচ নিযুক্ত হলেন শ্রীজেশ। কয়েকদিন আগেই হকি ইন্ডিয়ার পক্ষ থেকে শ্রীজেশকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থ্যাত এবার কোচিং ইনিংস শুরু করছেন শ্রীজেশ। কোচিংয়ে তাঁর আদর্শ রাহুল দ্রাবিড়। অবসর গ্রহণের পর দ্য ওয়াল এরপর অনূর্ধ্ব ১৯, ভারতীয় এ দলে কোচিং করানোর পর সিনিয়র দলের কোচ হয়েছিলেন। শ্রীজেশ দ্রাবিড়ের নীতিই অনুসরণ করতে চান।
২০২১ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান শ্রীজেশ। ২০২১ এবং ২০২২ সালে এফআইএইচ গোলকিপার অফ দ্য ইয়ার পুরস্কারও জেতেন তিনি। গত বছর এশিয়ান গেমসেও ভারতের সোনার পদক জেতায় মুখ্য অবদান ছিল শ্রীজেশের।
সচিন চিরকাল ১০ নম্বর জার্সিতেই খেলেছেন এবং এই জার্সিতে অবসর নিয়েছেন। অভিষেকের সময় থেকে ধোনি ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়েও তাঁর গায়ে সেই একই জার্সি। তিনি নিজের থেকে জার্সির নম্বর পরিবর্তন করেননি, । প্রথম টি-২০ বিশ্বকাপ জয়, ওডিআই বিশ্বকাপে ২৮ বছরের খরা কেটেছে এই জার্সির হাত ধরে। ২০১৭ সালে সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সিটাকে অবসরে পাঠায় বোর্ড। পরে সেই তালিকায় যুক্ত করা হয় ধোনির জার্সি।












Click it and Unblock the Notifications