টোকিও অলিম্পিকের প্রথম তিন পদক কোন খেলায় জিতল কোন দেশ জেনে নিন
টোকিও অলিম্পিকের প্রথম সোনাটি জিতে নিল চিন। রুপো জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি, সুইৎজারল্যান্ডের নিনা ক্রিস্টেন জিতেছেন এবারের অলিম্পিকের প্রথম ব্রোঞ্জ। টোকিও অলিম্পিকের প্রথম পদকের ম্যাচটি হল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে। এই বিভাগেই ফাইনালের শেষ আট শুটারের মধ্যে জায়গা করতে পারেননি ভারতের এলাভেনিল ভালারিভান ও অপূর্বী চান্ডেলা।

সোনা জয়ের মধ্যে প্রথম লড়াইটি হল চিন ও রাশিয়ান অলম্পিক কমিটির মধ্যে। ওয়াডার দ্বারা রাশিয়া নির্বাসিত থাকায় রাশিয়ান অ্যাথলিটরা রাশিয়ান অলিম্পিক কমিটির নামে অলিম্পিকে অংশ নিয়েছেন যাকে সংক্ষেপে বলা হচ্ছে আরওসি। চিনের ২১ বছরের শুটার ইয়াং কিয়ানের সঙ্গে সোনা জয়ের লড়াইয়ে নামেন রাশিয়ান গালাশিনা। অলিম্পিক রেকর্ড ২৫১.৮ স্কোর করে সোনা জয় নিশ্চিত করেন চিনের শুটার। এবারের অলিম্পিকেই খেলতে নেমে প্রথম সোনা জিতলেন ইয়াং। তিনি অলিম্পিকের পদক গ্রহণ করেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখের কাছ থেকে।
We have the first Olympic champion of #Tokyo2020!
— Olympics (@Olympics) July 24, 2021
China's Yang Qian takes gold 🥇 with a new Olympic Record of 251.8 points.#Shooting @ISSF_Shooting pic.twitter.com/t0UVwUfXRP
ফাইনাল সেটের প্রথম শটে গালাশিনা স্কোর করেন ১০.৮, ইয়াং ১০.৭। শেষ শটের আগে অবধি প্রতিপক্ষের চেয়ে ০.২-এর ব্যবধানে এগিয়ে ছিলেন রাশিয়ান শুটারই। যদিও শেষ শটটিটে ফাইনালের সবচেয়ে কম স্কোর করেন তিনি। গালাশিনার ৮.৯-এর জবাবে শেষ শটে ৯.৮ স্কোর করে সোনা জিতে নেন ইয়াং।

কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে ইয়াং ছিলেন ষষ্ঠ স্থানে, গালাশিনা অষ্টম স্থানে। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৩২.৯ স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়ে একে ছিলেন নরওয়ের জেনেট হেগ ডুস্টাড। ফাইনালে তিনি চতুর্থ স্থানে থাকেন। রিও অলিম্পিকের কোনও পদকজয়ী ফাইনালে উঠতে না পারায় শুটিংয়ের এই বিভাগে অলিম্পিক পেল নতুন চ্যাম্পিয়ন।












Click it and Unblock the Notifications