চেস অলিম্পিয়াডে নেমেই জয় প্রজ্ঞানন্দর, ভারতীয় দাবাড়ুরা কেমন এগিয়ে চলেছেন জেনে নিন
চেস অলিম্পিয়াডে শনিবার ছিল দ্বিতীয় রাউন্ডের লডাই। ভারতে এবারই প্রথম হচ্ছে দাবা অলিম্পিয়াড। এটি চেস অলিম্পিয়াডের ৪৪তম সংস্করণ। ভারতীয় দাবাড়ুরা এদিন দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন। ভারতের এ ও বি দলের পাশাপাশি জয়লাভ করেছেন ভারতীয় মহিলা দাবাড়ুরা। ভারত এ দল হারিয়েছে মলডোভাকে, ভারত বি জয় পেয়েছে এস্তোনিয়ার বিরুদ্ধে। মহিলা বিভাগে ভারত এ আর্জেন্তিনার বিরুদ্ধে চমকপ্রদ জয় ছিনিয়ে নিয়েছে।

ওপেন সেকশনে ভারত এ ৩.৫-০.৫ ব্যবধানে পরাস্ত করেছে মলডোভাকে। চেস অলিম্পিয়াডে দ্বিতীয় বাছাইদের এটি টানা দ্বিতীয় জয়। এদিন জয় নিশ্চিত করেন যে দাবাড়ুরা তাঁরা হলেন পি হরিকৃষ্ণ, এস এল নারায়ণ, কে শশীকিরণ। তবে গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসিকে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়। চেস অলিম্পিয়াডে বিশ্বনাথন আনন্দ থেকে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন ভারতের বি দলকে ডার্ক হর্স বলে মনে করছেন। আজ সেই দল এস্তোনিয়াকে হারিয়ে দিল সহজেই। ডি গুকেশ কাল্লে কিককে হারিয়ে দেন। প্রথম দিনে বিশ্রামে ছিলেন আর প্রজ্ঞানন্দ। আজ তিনি বোর্ডে বসেই জয় ছিনিয়ে নিলেন। তিনি হারালেন কিরিল চুকাভিনকে। জয় আদায় করে নিয়েছেন বি আধিবান ও রৌণক সাধওয়ানি।
মহিলাদের বিভাগে ভারতের এ দল শীর্ষবাছাই, এদিন হারিয়েছে আর্জেন্তিনাকে। কোনেরু হাম্পি ৪৪ চালের পর মারিসা জুরিয়েলের বিরুদ্ধে ড্র করলেও তানিয়া সচদেভ ও ভক্তি কুলকার্নি যথাক্রমে মারিয়া ক্যাম্পোস ও মারিয়া বেলেন সারকুইসকে হারিয়ে দিয়েছেন। ভারতীয় মহিলা এ দলেরও এটি টানা দ্বিতীয় জয়। ভারতীয় মহিলা বি দলের সামনে ছিল লাটভিয়া। মেরি অ্যান গোমস নেলিজা মাকলাকোভাকে হারিয়ে দেন, পদ্মিনী রাউত ও ইলজে বেরজিনার লড়াই ড্র হয়ে যায়। ভারত এগিয়ে থাকে ১.৫-০.৫ ব্যবধানে। ভারতের মেয়েদের সি দলটি হারিয়েছে সিঙ্গাপুরকে, জয়ের ব্যবধান ৩-১।
বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন প্রথম রাউন্ডে অংশ নেননি। তবে আজ তিনি হারিয়েছেন জর্জ মেইয়ারকে, যার ফলে সহজেই উরুগুয়েকে তৃতীয় বাছাই নরওয়ে হারিয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। আমেরিকা ও প্যারাগুয়ে ম্যাচে বিশ্বের চার নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে রুখে দিয়েছেন অ্যাক্সেল বাচম্যান। ওয়েসলি সো ও স্যাম শাঙ্কল্যান্ডকেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে দ্বিতীয় দিনেও অস্বস্তিতে থাকলেন ফেভারিট আমেরিকার দাবাড়ুরা। প্যারাগুয়ের বিরুদ্ধে এদিন জয় এসেছে ২.৫-১.৫ ফলে। প্রথম দিনে আমেরিকা অ্যাঙ্গোলার বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছিল। ওপেন সেকশনে চতুর্থ বাছাই স্পেন ও পঞ্চম বাছাই পোল্যান্ড বেলজিয়ামের বিরুদ্ধে জয় পেয়েছে। স্পেন জিতেছে ৩.৫-০.৫ ব্যবধানে। পোল্যান্ড জিতেছে ৩-১ ব্যবধানে।












Click it and Unblock the Notifications