Ayhika Mukherjee: বিশ্বের ১ নম্বরকে হারালেন ঐহিকা, অনবদ্য কীর্তি আকুলার, চিনকে কড়া চ্যালেঞ্জ ভারতের
Ayhika Mukherjee: ভারতের মহিলা টেবল টেনিসে (Table Tennis)এ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভারতের দুই প্যাডলারের কাছে নাকানিচোবানি খেলেন বিশ্বের ১ ও ২ নম্বর খেলোয়াড়।
টিটি বোর্ডে বাঙালির দাপটের কাছে পরাস্ত হলেন বিশ্বের ১ নম্বর চিনের সান ইংশা। চিনেরই ওয়াং ইডি এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর প্লেয়ার। তাঁকে উড়িয়ে দিলেন সৃজা আকুলা।

দক্ষিণ কোরিয়ার বুসানে চলছে বিশ্ব টেবল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ। চিন নেমেছে খেতাব দখলে রাখার লক্ষ্যে। তবে ভারতের মহিলা দল যে শেষ অবধি স্মরণীয় লড়াই চালাবে তা অনেকেই আঁচ করতে পারেননি। বলা ভালো, চিনকে শুরু থেকেই চাপে রেখেছিল ভারত। তবে শেষরক্ষা হয়নি।
ঐহিকা এ বছরই অর্জুন পুরস্কার পেয়েছেন। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তাঁর অবস্থান ১৫৫ নম্বরে। তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ১ নম্বর সান। প্রথম গেম ১২-১০-এ জিতে নেন ঐহিকা, যদিও পরের গেমটি সান জিতে নেন ১১-২ ব্যবধানে। এরপরই পরপর দুটি গেম যথাক্রমে ১৩-১১ ও ১১-৬ ব্যবধানে জিতে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ঐহিকা।
এরপর ভারতের লিড বাড়িয়ে ২-০ করেন সৃজা আকুলা। তিনি বিশ্বের ২ নম্বর ইডিকে হারিয়ে দেন ৩-০ ব্যবধানে। খেলার ফল ১১-৭, ১১-৯, ১৩-১১। যদিও চূড়ান্ত হতাশ করলেন মনিকা বাত্রা। তিনি বিশ্বের ৪ নম্বর ওয়াং মানিউ ও ইংশার কাছে হেরে যান। মনিকা প্রথম ম্যাচে হারেন ৩-১১, ৮-১১, ১৫-১৩, ৭-১১ ব্যবধানে।
এর ফলে চিন ১-২ করে ফেলে। এরপর মনিকা ফের হারতেই ভারতের বিরুদ্ধে সমতা ফেরায় চিন। ইংশার কাছে মনিকা পরাস্ত হন ৩-১১, ৬-১১, ১৩-১১, ৯-১১ ব্যবধানে। দ্বৈরথ যখন ২-২, তখন ইতিহাস তৈরির সুযোগ পেয়েছিলেন ঐহিকা। কিন্তু তিনি শেষ ম্যাচটিকে হেরে যান বিশ্বের ৪ নম্বরের কাছে।
বিশ্বের এক নম্বরকে প্রথম ম্যাচেই হারানো ঐহিকাকে শেষ ম্যাচে খেলতে হয় মানিউয়ের বিরুদ্ধে। এই ম্যাচে তিনি পরাজিত হন স্ট্রেট গেমে (৯-১১, ১১-১৩, ৬-১১)। ভারত শক্তিশালী চিনের কাছে হারলেও এই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত সৌম্যদীপ রায়। ঐহিকা, সৃজারা ভারতীয় টিটিকে গর্বিত করেছেন বলে উল্লেখ করেন তিনি।












Click it and Unblock the Notifications