Asian Games: অরুণাচলের উশু খেলোয়াড়দের প্রবেশে বাধা, তীব্র প্রতিবাদ ভারতের, চিন সফর বাতিল করলেন অনুরাগ
Asian Games: ভারতের উশু খেলোয়াড়দের চিনে প্রবেশে বাধা দেওয়া হলো। অরুণাচল প্রদেশের এই খেলোয়াড়রা এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছিলেন। তাঁদের এভাবে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।
তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এই ঘটনার খবর সামনে আসতেই চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এশিয়ান গেমসের আসরে হাজির থাকার কথা ছিল তাঁর।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পনামাফিক চিনের আধিকারিকরা নেমান ওয়াংসু, ওনিলু টেগা ও মেপাং লামগুকে হাংঝৌ গেমসে অংশ নিতে বাধা দেন। শেষে এই তিনজনকে ছাড়া বাকি সাত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা হংকং হয়ে হাংঝৌয়ের বিমান ধরেছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বেজিংয়ের এই পদক্ষেপ এশিয়ান গেমসের স্পিরিটের পরিপন্থী।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ, জাতি ও স্থায়ী নিবাসের ভিত্তিতে যেভাবে অরুণাচল প্রদেশের এই ক্রীড়াবিদদের অ্যাক্রিডিটেশন দিতে চিন অস্বীকার করে একই ক্ষেত্রে ভিন্নধর্মী অবস্থান নিল তার প্রতিবাদ জানাচ্ছে ভারত। অরুণাচল প্রদেশ ভারতেরই অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশগুলির ক্ষেত্রে এভাবে বৈষম্য বরদাস্ত করে না ভারত।

এ বিষয়ে যথোচিত পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের এই খেলোয়াড়দের আপাতত দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার হস্টেলে এনে রাখা হয়েছে। উশু দলের তরফে বিষয়টি এশিয়ান গেমস কর্তৃপক্ষ ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নজরে আনা হচ্ছে।
এই সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশাও করছে ভারতের উশু দল। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, আয়োজক দেশ হিসেবে চিন অংশগ্রহণকারী সকল দেশের অ্যাথলিটদের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছে। তবে তাঁদের কাছে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক।












Click it and Unblock the Notifications