Asian Games 2023: পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধানমন্ত্রীর, মোদীর মিশন এবার প্যারিস অলিম্পিক
এশিয়ান গেমসে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শনিবারই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেক পদক বিজয়ী অ্যাথলিটের সঙ্গে তিনি মিলিত হয়ে তাঁদের সরাসরি শুভেচ্ছা জানাবেন। সেই মতোই মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানে এশিয়াডে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে মিলিত হলেন মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
এই অনুষ্ঠানে পদকজয়ীদের উদ্দেশ্য মোদী বলেন, '১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের (অ্যাথলিটদের) সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কঠোর পরিশ্রম ও অর্জনের কারণে সারাদেশে উৎসবের পরিবেশে মুখোরিত হয়েছে। আমাদের দেশে কখনই প্রতিভার অভাব ছিল না কিন্তু বিভিন্ন বাধার কারণে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের প্রতিভাকে পদকে রূপান্তর করতে পারেননি।'

তাঁর সরকারের আমলে ক্রীড়াবিদদের জন্য বিশেষ কী কী প্রকল্প নেওয়া হয়েছে সেটাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মোদী বলেন, 'অ্যাথলিটদের সেরাটা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এইবার আমরা ১০০টি পদক জিতেছি। পরের বার, আমরা এই রেকর্ডটি অতিক্রম করব। প্যারিস অলিম্পিকের জন্য আপনার সর্বোত্তম প্রচেষ্টা বজায় রাখুন।'
নিজের বক্তব্যে মোদী আরও উল্লেখ করেন, 'অ্যাথলিটরা তাদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছে। ভারতে প্রতিভার অভাব ছিল না। জেতার ইচ্ছা সবসময় ছিল। তারা আগেও ভাল করত, কিন্তু তাদের পথে অনেক বাধা-বিপত্তি ছিল। কিন্তু ২০১৪ এর পরে, ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশে সেরা প্রশিক্ষণ, সুবিধা পাচ্ছেন। খেলো ইন্ডিয়া, টপসের মতো প্রকল্প চালু করা হয়েছে।'

একইসঙ্গে মোদী উল্লেখ করেন, 'এই এশিয়ান গেমসে আমরা যে ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সেখানেই পদক জিতেছি। পদকের সংখ্যা বাড়ছে, যা ভারতের জন্য একটি ভালো ইঙ্গিত। আপনারা নতুন পথ খুলে দিয়েছেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই পারফরম্যান্স প্যারিস অলিম্পিকের জন্যও নতুন প্রেরণা দেবে।'
গত শনিবারই ১০০ পদক জয় করার পর মোদী সমাজমাধ্যমে লিখেছিলেন, "এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। ১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে।"

২০২৩ এশিয়ান গেমসে ভারতের অভিযান সমাপ্ত হয়েছে শনিবার। চিনের মাটিতে দাঁড়িয়েই ১০০ পদকের লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা সাফল্য। হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারত শেষ করল ১০৭টি পদক জিতে। এর মধ্যে সোনা রয়েছে ২৮টি। রুপোর পদক রয়েছে ৩৮টি এবং ব্রোঞ্জ আছে ৪১টি।












Click it and Unblock the Notifications