Asian Games 2023: পতাকা বাহক হিসাবে গর্বিত হরমনপ্রীত, এশিয়ান গেমস থেকেই প্যারিসের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য
টোকিও গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। কিছুদিন আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের কাছে প্রত্যাশা বাড়িয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। প্যারিস অলিম্পিকের টিকিট এশিয়ান গেমস থেকেই নিশ্চিত করেত চাইছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়াডে সোনা জিতলে সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে ভারত।
ভারতীয় পুরুষ দল, বিশ্বব্যাপী ক্রমতালিকায় তৃতীয় এবং এশিয়ান দলগুলির মধ্যে শীর্ষে। আসন্ন গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে। জাপান, বাংলাদেশ, পাকিস্তান, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানের সঙ্গে পুল এ রাখা হয়েছে ভারতকে। সেমিফাইনালে উঠতে ভারতকে টপ-টু ফিনিশ নিশ্চিত করতে হবে।

এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, 'চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের প্রশংসনীয় পারফরম্যান্সের পর, আমাদের লক্ষ্য হল উচ্চ স্তরের খেলা বজায় রাখা এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করা, যা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জনে আমাদের সাহায্য করবে।'
আগামীকাল এশিয়ান গেমসে আনুষ্ঠানিক উদ্বোধনে ভারতের পতাকা বাহক হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বোরগোহাইন। ভারতের শেফ দে মিশন ভূপিন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'অনেক আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। উদ্বোধনী অনুষ্ঠানে দু-জন পতাকাবাহক থাকবে। হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বোরগোহাইন।'

জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করেন। যারা এইবার পতাকা বাহক হিসেবে থাকবেন তাদের মধ্যে লভলিনা টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।
এই প্রসঙ্গে হরমনপ্রীত সিং বলেছেন, 'এশিয়ান গেমসের জন্য লভলিনার সঙ্গে যৌথ পতাকাবাহী হিসাবে নামকরণ করা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি আরও বড় পরিসরে আমার দেশকে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ, এবং আমি এই সম্মানে সত্যিই নম্র। আমি আমাদের বক্সিং তারকা লভলিনাকে অভিনন্দন জানাতে এই মহান সুযোগ পাওয়ার জন্য।'
এই বছর মোট ৬৫৫জন ক্রীড়াবিদ ভারতের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এই বছর ভারত প্রথম এতজন ক্রীড়াবিদকে এশিয়ান গেমসের জন্য পাঠাচ্ছে।

অন্যদিকে এশিয়ান গেমসে বহু বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের দল পাঠিয়েছে। পুরুষ এবং মহিলা দুই দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। যেহেতু আগামী মাসে বিশ্বকাপ শুরু হবে তাই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান দল খেলবে না। তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক করে এশিয়ান গেমসে ঝাপাতে চলেছে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications