Asian Games 2023: সর্বসেরা ১০৭, জেনে নিন এশিয়াডে ভারতীয়দের পদকের পূর্ণাঙ্গ তালিকা
২০২৩ এশিয়ান গেমসে ভারতের অভিযান সমাপ্ত হল শনিবার। চিনের মাটিতে দাঁড়িয়েই ১০০ পদকের লক্ষ্যপূরণ হল ভারতের। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা সাফল্য। হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারত শেষ করল ১০৭টি পদক জিতে। এর মধ্যে সোনা রয়েছে ২৮টি। রুপোর পদক রয়েছে ৩৮টি এবং ব্রোঞ্জ আছে ৪১টি।
তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকে শুরু করে মোট ২২টি ইভেন্ট থেকে পদক জিতেছে ভারতীয় অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্সে(২৯টি)। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত।

অ্যাথলেটিক্সের পরেই আছে শুটিং। এই বিভাগ থেকে পদকের সংখ্যা ২২। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে ৮টি। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। কোন ইভেন্ট থেকে কি কি পদক চলতি এশিয়ান গেমসে জিতলেন ভারতীয়রা,সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শুটিংয়ে মোট ২২ পদকের মধ্যে আছে ৭টা সোনা, ৯টা রুপো, ৬টা ব্রোঞ্জ ।অ্যাথলেটিক্স মোট ২৯টা পদকের মধ্যে আছে ৬টা সোনা, ১৪টা রুপো, ৯টো ব্রোঞ্জ। স্কোয়াশ ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জসহ ৫টা পদক এসেছে।টেনিসে এসেছে দুটি পদক। এরমধ্যে আছে ১টা সোনা, ১টা রুপো। কবাডিতে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে ভারতীয় দল।

রোয়িংয়ে ভারতীয়রা পেয়েছে পাঁচটি পদক। এরমধ্যে ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। হকিতে পুরুষ দল সোনা জিতলেও মহিলাদের ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল। ক্রিকেটে উভয় দলই সোনার পদক জিতেছে। তিরন্দাজিতে ৫টা সোনা, ২টো রুপো, ২টো ব্রোঞ্জসহ মোট ৯ পদক পেল ভারত।
বক্সিং ইভেন্টে ১টা রুপো, ৪টে ব্রোঞ্জসহ মোট ৫টি পদক পেলেন ভারতীয় বক্সাররা। সেলিং ইভেন্টে ১টা রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৩টি পদক পেল ভারত। ব্যাডমিন্টন ডাবলসে চিরাগ-সাত্ত্বিক জুটির ঐহিহাসিক সোনার সঙ্গেই দলগত বিভাগে রুপো, প্রণয় ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ জিতেছেন। মোট পদকের সংখ্যা ৩।

তাস, উশু, গল্ফ থেকে একটা করে পদক এসেছে। রেসলিংয়ে ১টি রুপো, ৫টা ব্রোঞ্জ পেয়েছে ভারত। রোলার স্পোর্টস ইভেন্টে ভারত পেয়েছে ২টো ব্রোঞ্জ, কেনোইং ১টা ব্রোঞ্জ, সেপাক টাকরোতে ১টা ব্রোঞ্জ, টেবল টেনিস ১টা ব্রোঞ্জ জিতেছেন সুতীর্থা-ঐহিকা। দাবাতে ২টো রুপোর পদক পেয়েছে ভারত।
শেষদিনে ভারত জিতেছে ১২টি পদক। তবে উল্লেখযোগ্য কবাডি। কারণ এই ম্যাচ চলাকালীন ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় । যাতে ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে ম্যাচ শুরু হলে সোনা জেতে ভারত। এবারে এশিয়াডে পদক তালিকায় চার নম্বরে শেষ করল ভারত।












Click it and Unblock the Notifications