ACT 2023: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, জাপান চূর্ণ ৫ গোলে! খেতাব জয়ের লড়াই মালয়েশিয়ার বিরুদ্ধে
Asian Champions Trophy 2023: এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল। আজ চেন্নাইয়ে জাপানকে ৫-০ গোলে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংরা। কাল ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।
এই নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চমবার ফাইনালে উঠল ভারত। মালয়েশিয়া বধ সারলেই রেকর্ড সংখ্যক চতুর্থ খেতাব নিশ্চিত করবে ভারত।

রাউন্ড রবিন ফরম্যাটে সব ম্যাচে জয় পেলেও একমাত্র জাপানের বিরুদ্ধে আটকে গিয়েছিল ভারত। খেলাটি শেষ হয়েছিল ১-১ গোলে। এদিনের ম্যাচে শুরু থেকে দুই দলই আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাতে থাকে। ফলে ম্যাচটি হাড্ডাহাড্ডি হয়ে ওঠে। ভারত প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার আদায় করলেও হরমনপ্রীত সিং বল জালে জড়াতে পারেননি।
প্রথম কোয়ার্টারে আপ্রাণ চেষ্টা চালালেও কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে হার্দিক ও সুমিত আক্রমণে ঝাঁঝ বাড়ান। যদিও ১৯ মিনিটে প্রথম গোলটি করেন আকাশদীপ সিং। আগ্রাসী খেলা চালিয়ে গিয়ে জাপান রক্ষণকে বিব্রত রেখে ফের পেনাল্টি কর্নার আদায় করে ভারত। ২৩ মিনিটে হরমনপ্রীতের গোল। ৩০ মিনিটে মনদীপ সিং ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন।

তৃতীয় কোয়ার্টারে অমিত, গুরজন্তদের গোলমুখী শট রুখে দেন জাপানের গোলরক্ষক ইওশিকাওয়া। ৩৯ মিনিটে সুমিতের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-০। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ভারতের পঞ্চম গোলটি করেন সেলভাম কার্তি। শেষ লগ্নে জাপানকে হাফ ডজন গোল হজম করানোর সুযোগ পেয়েছিল ভারত। যদিও জয়ের ব্যবধান আর বাড়াতে পারেননি শামশের সিং।
ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে ফাইনালে নামবে ফেভারিট হিসেবে। এদিনই গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে মালয়েশিয়া।












Click it and Unblock the Notifications