Aditi Swami World Champion: জুনিয়রের পর সিনিয়র পর্যায়েও বিশ্বসেরা! বিশ্ব তিরন্দাজিতে ১৭ বছরের অদিতির কামাল
Aditi Swami World Champion: বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় কম্পাউন্ড বিভাগে ভারতের মহিলা তিরন্দাজরা সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। সেই দলে ছিলেন সপ্তদশী অদিতি গোপীচাঁদ স্বামী। আজ তিনি কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগেও জিতে নিলেন সোনা।
গত মাসেই অদিতি বিশ্ব জুনিয়র তিরন্দাজির খেতাব জিতেছেন। এবার সিনিয়র পর্যায়েও বিশ্ব খেতাব জয়। দাপট দেখিয়ে তিনি ফাইনালে হারিয়ে দিলেন মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে।

মহারাষ্ট্রের সাতারার তিরন্দাজ অদিতি জুলাই মাসে লিমেরিকে বিশ্ব যুব তিরন্দাজিতে অনূর্ধ্ব ১৮ বিভাগে খেতাব জেতেন। তারপর এদিনের সাফল্য। রুদ্ধশ্বাস ফাইনালে অদিতির স্কোর ১৪৯। যেখানে সর্বাধিক ১৫০ পয়েন্ট পাওয়ার কথা। ফলে বোঝাই যাচ্ছে কতটা আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়ে তিনি লক্ষ্যে অবিচল ছিলেন।

প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন সারা লোপেজকে ছিটকে দেওয়া ষোড়শ বাছাই আন্দ্রেয়া বেসেরার বিরুদ্ধে অদিতির জয় নিঃসন্দেহে স্মরণীয় ও উল্লেখযোগ্য সাফল্য হিসেবেই চিহ্নিত হচ্ছে। প্রথম রাউন্ডে অদিতির লিড ছিল ১ পয়েন্টের। ধারাবাহিকতা দেখিয়ে প্রথম চারটি রাউন্ডে সেই লিড বাড়িয়ে নিয়ে যান তিনে। একেবারে শেষে তিনটি তিরের একটি ৯-এ গিয়ে লাগলেও তার আগেই খেতাব নিশ্চিত করে ফেলেছিলেন অদিতি।

বিশ্ব তিরন্দাজিতে ইতিমধ্যেই উদীয়মান তারকা বলে ধরা হচ্ছে অদিতিকে। তাঁর এদিনের সাফল্যে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় সোনা নিশ্চিত হলো। ভারতের সোনাজয়ী মহিলা কম্পাউন্ড দলে অদিতি ছাড়াও ছিলেন পরণীত কৌর ও জ্যোতি সুরেখা ভেন্নম। এদিন সেমিফাইনালে অদিতির প্রতিপক্ষ ছিলেন জ্যোতি।
Aditi Swami gets the FIRST individual WORLD TITLE for India.
— World Archery (@worldarchery) August 5, 2023
The 17-year-old prodigy is now the world champion. 🏆#WorldArchery pic.twitter.com/oBbtgxyzq3
ভারতের সবচেয়ে সফল কম্পাউন্ড তিরন্দাজ জ্যোতিকে ১৪৯-১৪৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন অদিতি। জ্যোতি তৃতীয় স্থান নির্ণায়ক প্লে-অফে তুরস্কের ইপেক তমরুককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।












Click it and Unblock the Notifications