আরজি কর কাণ্ড : মেদিনীপুর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের হুমকি টিএমসিপি নেতার
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার। হাসপাতালের ভিতর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা। নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি তুলে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর হাসপাতাল তো বটেই। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের।
মেদিনীপুর কলেজ ও হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। কিন্তু সেই জুনিয়র ডাক্তারদের উপর হুমকি দেওয়া হচ্ছে। সৌজন্যে সেই শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ উঠেছে বৃহস্পতিবার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর হাসপাতালেও বিক্ষোভ চলছে। সেই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
ওই হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা ক্রমাগত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের হস্টেলে থাকতে দেওয়া হবে না। তাদের বার করে দেওয়া হবে৷ এই সব হুমকি দেওয়া হচ্ছে। পুলিশে অভিযোগ জানানোর কথাও বলা হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি৷ পুলিশকে বলেও কোনও লাভ হবে না। এই কথাও না কী বলা হয়েছে।
বৃহস্পতিবার আন্দোলনকারীরা হাসপাতালের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতার বিরুদ্ধে অধ্যক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অবিলম্বে ওই ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবি জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্ব না নিলে পুলিশে জানানো হবে। এ কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।
গোটা ঘটনার পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর জেলা হাসপাতাল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি করছেন জুনিয়র চিকিৎসকরা। গোটা দেশ জুড়েই প্রতিবাদে নেমেছেন চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট পর্যন্ত জানিয়ে দিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তারপরেও এই হুমকি আসছে।
রাজ্যের বেশ কিছু জেলাতেই আন্দোলনকারীদের উপর হুমকি এসেছে তৃণমূল নেতাদের তরফ থেকে। এই অভিযোগ সামনে এসেছে। এবার সেই তালিকায় যোগ হল মেদিনীপুর জেলা হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ আগস্ট মেয়ো রোডের সভামঞ্চ থেকে জানিয়েছিলেন, তিনি আন্দোলনকারীদের পক্ষে। তবুও চিকিৎসা স্বার্থে এই আন্দোলন তুলে নেওয়া হোক।












Click it and Unblock the Notifications