১৬ জাতীয় সড়কে ট্রাক পিষে দিল পুলিশের গাড়ি, এসআই সহ মৃত দুই পুলিশ কর্মী
ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানের ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশের গাড়িকে ধাক্কা মেরে দুমড়ে মুছড়ে দিল একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দুই পুলিশ কর্মীর। হাওড়ার পুলিশ মহলে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উপর মহলের কর্তারা ঘটনাস্থলে তদন্তের জন্য যান।
বৃহস্পতিবার ভোররাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। পিছন দিক থেকে ট্রাকটি এসে ধাক্কা মারে বলে খবর। ঘটনার পরে ওই ট্রাক পলাতক। পুলিশ ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

দেশে নতুন আইন এসেছে লরি ও ট্রাক চালকদের জন্য। এবার আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আইনে। বেপরোয়া লরি ও অন্যান্য যানবাহনের চালকদের জন্য এই আইন বলে জানা গিয়েছিল। নতুন আইনে দুর্ঘটনায় মৃত্যু হলে ট্রাক চালকদের সাজার মেয়াদ ১০ বছর করা হয়েছে। সে কারণে দেশজুড়ে বিক্ষোভ চলছে। কিন্তু বেপরোয়া লরি ও ট্রাক যে জাতীয় সড়ক দিয়ে চলছেই। তার আরও একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা গেল।
কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল একজন সাব-ইন্সপেক্টরের। মারা গিয়েছেন একজন হোমগার্ড। এছাড়াও দুই কনস্টেবল গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের গাড়ির চালকও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে।
বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের বরুণদায় এলাকার কাছে ওই পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল। কর্তব্যরত ছিলেন পুলিশ অফিসার ও কর্মীরা। দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। কোলাঘাট থেকে বাগনানের দিকে ওই গাড়িটি যাচ্ছিল বলে খবর। ট্রাকের ধাক্কায় পুলিশের গাড়ি পিছন দিক থেকে দুমড়ে মুছরে গিয়েছে।
দুর্ঘটনার খবর অন্যান্যদের কাছে পৌঁছয়। পুলিশকর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সাব-ইন্সপেক্টর সুজয় দাস ও হোমগার্ড পলাশ সামন্ত ঘটনাস্থলেই মারা যান। এমনই জানিয়েছেন চিকিৎসকরা। সুখদেব বিশ্বাস ও অশোক বর নামে দুই কনস্টেবলকে প্রথমে উলবেরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়।
তাদের অবস্থা যথেষ্ট গুরুতর। এরপর তাদের কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের গাড়ি চালক বক্কর আলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবরে পুলিশের বড়কর্তারাও নড়েচড়ে বসেছে। হাওড়ার এডিজি সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে যান। এছাড়াও জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি অভিযান চলছে। বেপরোয়া লরির ধাক্কায় আরও দুই পুলিশ কর্মীর তাজা প্রাণ চলে গেল।












Click it and Unblock the Notifications