মেদিনীপুরে মানুষ কি উন্নয়ন দেখবেন না সুন্দর মুখ? জুন মালিয়াকে শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন দিলীপ ঘোষ
Dilip Ghosh: সোমবার সকালে খড়্গপুর শহরে রোজকার মতো প্রাতর্ভ্রমণ সেরে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে মিলিত হন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ সেখানে শাসকদলের প্রার্থী তালিকা-সহ বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি৷ তাঁর কথায় উঠে আসে জুন মালিয়ার সঙ্গে লড়াই, অভিজিৎ গঙ্গোপাধায় প্রসঙ্গ।
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দিলীপ ঘোষ বলেন, নেতা ও অভিনেতা যাই বলুন, তৃণমূলের কাউকেই মানুষ চাইছে না। সেজন্য বারেবারে মুখ বদল করে নতুন মুখ আনতে হচ্ছে ওদের মানুষকে ভোলানোর জন্য। ওই দলটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

মেদিনীপুর কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করলেও তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া। এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তাঁকে জুন মালিয়ার সঙ্গে দিলীপ ঘোষের লড়াই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মেদিনীপুরের বর্তমান সাংসদ বলেন, জুন মালিয়াকে তাঁর শুভেচ্ছা থাকলো। দল ওনাকে দাঁড় করিয়েছে।
তিনি বলেছেন, মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে। এখানে অনেক বড় বড় লড়াই হয়েছে। ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক নেতার লড়াইও দেখেছে এখানকার মানুষ। গত লোকসভাতেও মানস ভুঁইয়ার মতো বড় প্রার্থী এখানে ছিলেন। মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ এখানে দেখেছেন, সেটা দেখেই ভোট দেবেন।
দিলীপ ঘোষ বলেন, এখানে ৩০৪ কোটি টাকা বরাদ্দ করে কংসাবতী ব্রিজ নতুন করে তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। হাইওয়ে হচ্ছে, রানওয়ে হচ্ছে, সিক্সথ লেন, ফোর লেন রোড হচ্ছে। নতুন নতুন রেললাইন, নতুন ট্রেন হয়েছে, সারা দেশের সঙ্গে যুক্ত হয়েছে। কলাইকুন্ডাকে বিমানবন্দর করার প্রকল্প তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সার্বিকভাবে উন্নয়নে পুরো খড়্গপুরের চেহারা পরিবর্তনের চেষ্টা করেছে বিজেপি। তিনি প্রশ্ন করেন, মানুষ এই উন্নয়ন দেখবে না ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবেন? মানুষের সেই অভিজ্ঞতা ভাল নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
তমলুক আসনে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্যের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, কে কার সঙ্গে লড়াই করে দেখা যাবে। ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুলকেই লোকে দেখবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন চর্চিত ব্যক্তি, তার অবদান রাজ্যের মানুষ মনে রেখেছে। দুর্নীতির বিরুদ্ধে সৎ এই ব্যক্তির লড়াই নিঃসন্দেহে এগিয়ে থাকবে।












Click it and Unblock the Notifications