খেজুড়িতে বিজেপির সভা চলাকালীন পুলিশের গাড়ি নিয়ে চাপানউতোর! ভাঙল কাঁচ, আহত কমপক্ষে নয়
বিজেপির সভা থেকে পুলিশ গাড়িতে হামলার ঘটনা ঘটল খেজুরিতে। রবিবার রাতে এই ঘটনা ঘটে জনকার শ্যামপুরে। এই হামলার ঘটনায় কাঁথির এসডিপিও সহ ৫ পুলিশ কর্মী আহত হয়েছেন। অপরদিকে বিজেপির দাবি, ৪ বিজেপি কর্মীও আহত হয়েছে এই ঘটনায়।
রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ শ্যামপুর মোড়ে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়েছিল। সভায় প্রার্থী সৌমেন্দু অধিকারী-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা চলাকালীন কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে রুট মার্চের জন্যে পুলিশ-বাহিনী জনকা বোগা রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল।

পুলিশ গাড়ি শ্যামপুর মোড়ে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। পুলিশ সভা বন্ধ করতে এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এরপর বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দিতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশ বিজেপি কর্মীদের ঠেলে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে উত্তেজিত বিজেপি কর্মীরা লাঠি ইট নিয়ে পুলিশ গাড়ির ওপর হমলা চালায় । ইটের আঘাতে গাড়ির সামনের ও পেছনের কাঁচ ভেঙে যায়।
বিজেপির অভিযোগ, সভার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে এসডিপিও বলেছেন, পুলিশের গাড়ি রুটমার্চের জন্যে এলাকায় গিয়েছিল। গাড়িতে তিনিও ছিলাম। সেই সময় এলাকায় বিজেপির একটি সভা চলছিল। আচমকা বিজেপির লোকজন পুলিশ গাড়িতে হামলা চালায়। যার জেরে তাঁর আঘাত লাগে। আহত হয়েছেন অন্য পাঁচজন পুলিশ কর্মীও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ।












Click it and Unblock the Notifications