Akhil Giri: ফের বেলাগাম কারামন্ত্রী, রাষ্ট্রপতির পরে এবার রাজ্যপালকে নিয়ে কুকথা অখিল গিরির
রাষ্ট্রপতির পরে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বেলাগাম কারামন্ত্রী অখিল গিরি। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করে তিনি বলেছেন, শ্লীলতাহানির অভিযোগ সত্যি। মেয়েিট বলছে আর চাকরি করবে না। সেটা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী।
অখিল গিরি আরও বলেছেন আগে রাজ্যপালকে সামলান তারপরে সন্দেশখালির কথা বলতে আসবেন। আগে রাজ্যপালের সঙ্গে কথা বলুন তারপরে সন্দেশখালি নিয়ে কথা বলবেন। গত কয়েকদিন ধরে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

কারামন্ত্রীর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও কারামন্ত্রীর এই বেলাগাম মন্তব্য এই প্রথম নয় এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও কুমন্তব্য করেছিলেন অখিল গিরি। তাই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। শেষে সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। তারপরে আবার রাজ্যপালকে নিয়ে কুমন্তব্য করলেন কারামন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য ২ মে রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। রাজভবনে থাকা পুলিশ বুথে গিয়ে তিনি অভিযোগ করেন রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। সেই অভিযোগ শোনার পরেই লালবাজার থেকে বিশেষ মহিলা অফিসারকে নিয়ে হেয়ারস্ট্রিট থানা তাঁর অভিযোগ গ্রহণ করেন। রাজভবনের ওই মহিলাকর্মী জানিয়েছিলেন যে রাজ্যপাল তাঁকে ২ বার শ্লীলতাহানি করেছিলেন। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কেবিনে ডেকে শ্লীলতাহানি করেন।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যেদিন দায়ের হয় ঘটনাচক্রে সেদিনই রাজভবনে রাত্রি যাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই শাসক দল তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে এতোবড় অভিযোগ প্রকাশ্যে আসার পরেও প্রধানমন্ত্রী কেন কিছু বললেন না। এদিকে সন্দেশখালি নিয়ে বিজেপি সরব হয় কী করে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।
শনিবার প্রচার সভা থেকে রাজ্যপালকে তীব্র নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে রাজভবনে ডাকলেও যাবেন না বলে জানিয়েছেন। বৈঠকের প্রয়োজন হলে রাস্তায় বসে বৈঠক করবেন। এমনকী এই অভিযোগের পর রাজ্যপালের পাশে বসাও পাপ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল মনোনয়ন পত্র জমা দিয়ে রাজ্যপালকে তীব্র নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে অভিযোগকারী মেয়েটির পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজভবনের পক্ষ থেকে গতকাল একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে অভিযোগকারী তরুণী হেঁটে পুলিশ বুথের দিকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications