অভিমান ভুলে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
পূর্ব মেদিনীপুরে প্রবল গরম। তবু তাপপ্রবাহ উপেক্ষা করেই দিনভর প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে কোলাঘাট অঞ্চলে প্রচার করলেন বিজেপি প্রার্থী। বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের মিছিল দেখা যায় তাঁকে ঘিরে।
কোনও রকম মান অভিমান নয়। সকলে মিলে একসঙ্গে কাজ করার আহ্বান তমলুকের বিজেপি প্রার্থীর। যারা মান অভিমান করে দূরে সরে গিয়েছেন, তাদের সঙ্গে আসতে আহ্বান জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনে একসঙ্গে কাজ করতে হবে। বুথে বুথে কাজ শুরু করে দেওয়ার আহ্বান জানালেন তিনি।

প্রার্থী হওয়ার আগে থেকেই পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এরপর তমলুক কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে প্রচার করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কর্মী সভা চলছে নিয়মিত।
তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় আক্রমণ করছেন। রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর তিনি। মানুষকে, বিশেষ করে মহিলাদের এগিয়ে আসতে হবে। তৃণমূলকে রোখার জন্য গ্রামের মহিলাদের সঙ্ঘবদ্ধ হতে হবে। এমন আহ্বান আগেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রচারে এই বার্তা সব সময় থাকছে।
রাজ্যের শাসক দলের অপশাসনের থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। সে কারণেই এত মানুষ সঙ্গবদ্ধ হয়ে পথে নেমেছেন। শুক্রবার এমনই দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দল সবাইকে গ্রহণ করে। সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তিনি।
কোলাঘাটের দেরিয়াচক বাজারে প্রচার করলেন তিনি। মাঝে কর্মীদের প্রতি বার্তা দেন। এলাকার মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications