কল্যাণীতে নৃশংস খুন! সাতসকালে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্র-সহ ২ জনের দেহ
কল্যাণীতে নৃশংস খুন দুজন। এঁদের মধ্যে একজন স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। দুজনকেই রাতে পরিচিতরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কল্যাণীতে নৃশংস খুন দুজন। এঁদের মধ্যে একজন স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। দুজনকেই রাতে পরিচিতরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার সাত সকালে কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে দুজনের ক্ষত-বিক্ষত দেহ পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি দেহ তুলে নিয়ে ময়নাতদন্তে পাঠায়। দুজনেরই মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
খুন হওয়া দুজনের মধ্যে রয়েছে, স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপঙ্কর ঘটক। অপর খুন হওয়া ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল। সে স্থানীয় শ্রমিক বলে জানা গিয়েছে।
দীপঙ্কর ঘটকের পরিবার জানিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগ করে তাঁরা দেখেছিলেন ফোনের সুইচ অফ। অন্যদিকে সুশান্ত মণ্ডলের পরিবার সূত্রে খবর, রাত বারোটা নাগাদ সুশান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।
রাতে যারা দুজনকে বাড়িতে ডাকতে এসেছিল, তারা আদৌ বন্ধু কিনা, কিংবা দীপঙ্কর এবং সুশান্তের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications