৬০ দিনেও চার্জশিট অমিল, জামিন পেলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়
বিধাননগর, ১২ সেপ্টেম্বর : ৬০ দিনেও চার্জশিট পেশ না হওয়ায় জামিন মঞ্জুর হয়ে গেল বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিল বিধাননগর আদালত। সোমবার তাঁর জামিন মঞ্জুর করে বিচারক জানান, দু'মাস হয়ে গেলেও চার্জশিট পেশ না হওয়ায় জামিন মঞ্জুর করা হল।
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এই জামিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি শাসকদলের কাউন্সিলর বলেই চার্জশিট দিতে দেরি?বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিত এক ব্যবসায়ীর কাছে ১২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অনিন্দ্যবাবু। হাসিনা পুরো বিষয়টি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আন্তর্জাতিক স্তরে দলের সম্মান ধাক্কা খাওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় মেয়র সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এলাকায় রাজনৈতিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গেই তোলাবাজি, মারধর, হুমকি একের পর এক অভিযোগ উঠতে শুরু করে তাঁর বিরুদ্ধে। দলের অন্দরেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। বিশেষ করে ২০১৫-য় বিধাননগর পুরভোটে টিকিট পেয়ে কাউন্সিলর হওয়ার পরই তাঁর ক্রিয়াকলাপ মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ।
নতুন বাড়ি তৈরি হোক কিংবা সম্প্রসারণ, কাউন্সিলরকে তোলা না দিয়ে কোনও নির্মাণই সম্ভব ছিল না ৪১ নম্বর ওয়ার্ড এলাকায়। দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে জমা পড়ছিল ভুরি ভুরি অভিযোগ। কিন্তু কোনও কিছুই পাত্তা দেননি দাপুটে কাউন্সিলর। তাঁর দাদাগিরি চলতেই থাকে। কিন্তু বেপরোয়া অনিন্দ্যর জারিজুরি শেষমেশ থেমে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। এখন পুলিশের নিস্ক্রিয়তায় জামিন মেলায় নতুন করে প্রশ্ন উঠে পড়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে।












Click it and Unblock the Notifications