আপনার সঙ্গেও করে দেব...! আরজি করের প্রসঙ্গ টেনে মহিলা ডাক্তারকে হুমকি সিভিক ভলান্টিয়ারের
RG Kar Medical College Hospital: আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সর্বস্তরে উঠছে প্রতিবাদের ঝড়। আর এর মধ্যেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা। একেবারে মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
একেবারে আরজি করের ঘটনা (RG Kar Medical College Hospital) টেনে কার্যত হুমকি দেওয়া হয় বলেও মারাত্মক অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে (bhatar state general hospital)।

ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদেই এদিন ভাতার থানায় বিক্ষোভ দেখান হাসপাতালের চিকিৎসকরা। এমনকি অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়।
জানা যাচ্ছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টো নাগাদ। আর সেই সময় পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ডিউটিতে ছিলেন এক মহিলা চিকিৎসক। শুক্রবার বিকেল থেকেই বর্ধমান-কাটোয়া সড়কে পুণ্যার্থীদের ভিড় ছিল। একটা বড় অংশের মানুষ শিবের মাথায় জল ঢালার জন্য বর্ধমানেশ্বর মন্দিরে যাচ্ছিলেন। আর তাতে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার খবর আসছিল।
ফলে হাসপাতালে ভিড় ছিল বলে দাবি ওই মহিলা চিকিৎসকের। সেই সময় হঠাত করেই ওই সিভিক ভলান্টিয়ার চিকিৎসা করাতে আসেন। একেবারে মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি ছিলেন বলে দাবি। প্রথম থেকেই নানা ভাবে অভিযুক্ত হুমকি দিচ্ছিলেন বলে দাবি। ওই মহিলা চিকিৎসক বলেন, হঠাত করেই ওই ব্যক্তি বলেন আরজি কর হাসপাতাল কি হয়েছে জানেন তো? আপনার সঙ্গেও করে দেব...এরপরেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এরপরেই আজ শনিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনার প্রতিবাদে একযোগে চিকিৎসক এবং নার্সরা বিক্ষোভ দেখাতে থাকেন। শুধু তাই নয়, স্থানীয় ভাতার থানায় ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নামে অভিযোগও দায়ের করেন ওই মহিলা চিকিৎসক।
জানা গিয়েছে, স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। রাতে মহিলা চিকিৎসকদের জন্যেও বাড়তি পুলিশ কর্মী থাকবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications