এবার গ্রেফতার আইকোর কর্ণধার, ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
কলকাতা, ১৬ এপ্রিল : আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় এবার আইকোর কর্ণধার অনুকূল মাইতিকে গ্রেফতার করল সিআইডি।
এদিন সকালে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের লর্ডস মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার অন্তর্গত বেলঘরিয়া থানায় অনুকূল মাইতির নামে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁকে গ্রেফতার করা হয়।
সারদার আর্থিক প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে একেরপর এক ভুঁইফোঁড় আর্থিক লগ্নি সংস্থার নাম সামনে আসতে থাকে। বিক্ষোভ শুরু হয় রাজ্যের সর্বত্র। এইসব সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে শুরু করেন আমানতকারীরা। টাকা না পেয়ে এবং টাকা ফেরত না করতে পেরে ইতিমধ্যেই শতাধিক মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন।
২০১৩ সালে সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর গত মাসেই গ্রেফতার হন রাজ্যের আর এক বড় অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। এর মাঝেও ছোট-বড় অনেক কর্তাকেই গ্রেফতার করেছে প্রশাসন।












Click it and Unblock the Notifications